ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এহ্তেশাম উল হককে সেনাবাহিনীর রংপুর ডিভিশনের জিওসি হিসেবে বদলি করা হয়েছে।
সরকারের একজন শীর্ষ স্থানীয় কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
২০০১ সালের ২৬ সেপ্টেম্বর সিলেটে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভায় হামলার পরিকল্পনায় জঙ্গিদের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল বলে রোববার প্রথম আলো সংবাদ প্রকাশ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, এই বদলির সঙ্গে সংবাদপত্রে প্রকাশিত ওই প্রতিবেদনের কোনো সম্পর্ক নেই।
তিনি জানান, এহ্তেশাম উল হককে আগেই রাষ্ট্রপতির অফিস থেকে বদলি করা হয়েছিল এবং এই খবর ছাপা হওয়ার আগেই ৬৬ ডিভিশনে তার বদলির প্রক্রিয়া শুরু হয়েছিল।
ওই কর্মকর্তা আরো বলেন, "মেজর জেনারেল হকের বদলির সঙ্গে সংবাদপত্রে প্রকাশিত সর্বসামপ্রতিক প্রতিবেদনের কোনো যোগসূত্র নেই। জিজ্ঞাসাবাদে একজন জঙ্গির জবানবন্দিতে তার নাম আসার পর সেনাবাহিনী এ বিষয়টি তদন্ত করে এবং তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।"
বঙ্গভবনের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রংপুর ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল কালাম এম হুমায়ুন কবিরকে রাষ্ট্রপতির সামরিক সচিব করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/এএল/এইচএ/২২০০ ঘ.
bdnews24