ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদীয়া হাউজিংয়ের একটি বাসা থেকে রোববার শিরিন (১৫) নামে এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূইয়া মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১ টার দিকে হাউজিংয়ের ১ নম্বর সড়কের ২০/৬ নম্বর বাসার ছয় তলার ছাদের কার্নিশে এয়ারকুলারের পাশে লুকানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
তিনি জানান, এই ভবনের তৃতীয় তলায় ব্যবসায়ী নূরুল হকের বাসায় গত ৭/৮দিন ধরে শিরিন গৃহপরিচারিকা হিসাবে কাজ করতো। এর আগে একই তলার পাশের ফ্ল্যাটে কাজ করতো সে। তবে ঈদের ছুটি শেষে তারা এখনো ফিরে না আসায় এই সময়ের মধ্যে নূরুল হকের স্ত্রী ফাহমিদা চৌধুরীর অনুরোধে শিরিন এই বাসায় কাজ শুরু করে।
পুলিশকে ফাহমিদা জানিয়েছেন, শনিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কাজ করে শিরিন চলে যায়। পরদিন সকালে তার আসার কথা থাকলেও সে আসেনি। পরে নূরুল হকের এক ভাই সকালে ছাদে গাছে পানি দেওয়ার সময় কার্ণিশে কী একটা আছে দেখতে পেয়ে বাসায় লোকজনকে জানায়। পরে বাসার সবাই গিয়ে এটি শিরিনের লাশ বলে শনাক্ত করে।
শিরিন মোহাম্মদপুরের একটি বস্তিতে থাকতো। তবে তার ঠিকানা কেউ বলতে পারেনি।
পুলিশ ধারণা করছে, শনিবার রাতে কোনো এক সময় শিরিনকে হত্যা করা হয়ে থাকতে পারে। তাকে হত্যার পর হাত পিছ মোড়া করে বেঁধে লাশটি সেখানে লুকিয়ে রাখা হয়। ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।
রোববার সন্ধ্যা পর্যন্ত শিরিনের কোনো স্বজনের খোঁজ পাওয়া যায়নি।
এক্ষেত্রে পুলিশই বাদী হয়ে মামলা করবে বলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভুইয়া মাহবুব হোসেন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এইচএ/১৯৫১ ঘ.
bdnews24