ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সব ধরনের বাধা উপেক্ষা করে গ্যাস উত্তোলনের বিষয়ে সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যকে সমর্থন জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)'র সভাপতি আসম আবদুর রব।
তিনি বলেন, "গ্যাস উত্তোলনের প্রধানমন্ত্রীর বক্তব্যকে আমরা সাধুবাদ জানাই। প্রধানমন্ত্রী জনগণের স্বার্থেই কথা বলছেন। আমরা মনে করি, গ্যাস রপ্তানি নিয়ে জাতীয় স্বার্থ সংরক্ষণ করেই সরকার সিদ্ধান্ত নেবে।"
শনিবার ঈশাঁ খা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তবে তেল-গ্যাস, খনিজ, বিদ্যুৎ-বন্দর জাতীয় রক্ষা কমিটি দেশপ্রেম নিয়ে আন্দোলন করছে বলেও মন্তব্য করেন তিনি।
যত বাধা আসুক না কেন গ্যাস উত্তোলনের ব্যাপারে সরকারের অনড় অবস্থানের কথা জানিয়ে বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাধা এলেও দেশের উন্নয়নে যা করা দরকার, সরকার তাই-ই করবে।
টিপাইমুখ বাঁধ, সমুদ্রসীমা ও এশিয়ান হাইওয়ে নিয়ে দেশের পররাষ্ট্রনীতি এখন প্রশ্নবিদ্ধ মন্তব্য করে আসম রব সমস্যা সমাধানে প্রতিবেশী দেশগুলোকে নিয়ে উপ-আঞ্চলিক অর্থনৈতিক জোট গঠনের আহ্বান জানান।
গত ১০ মাসেই মহাজোট সরকার তাদের দেওয়া নির্বাচনী প্রতিশ্র"তি পূরণে জনগণকে হতাশ করছে বলে দাবি করেন তিনি। সরকার তার ওয়াদা পুরণ না করলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠের আন্দোলনে যাবেন বলেও জানান তিনি।
'মাঠের আন্দোলন' কবে নাগাদ শুরু করবেন তা না জানালেও রব বলেন, "মহাজোট ঘোষিত ২৩ দফা প্রতিশ্র"তি পূরণে এখনও কোনও পরিকল্পনা করিনি। তা পূরণে ব্যর্থ হলে মানববন্ধন, প্রতীক অনশনসহ নানা কর্মসূচি দেব, এরপর মাঠের আন্দোলনে যাব।"
সরকারের ১০ মাসের কার্যক্রমের মূল্যায়ন করতে রব বলেন, "এখনই সরকার ব্যর্থ তা বলার সময় আসে নি। ইতোমধ্যে দখলবাজি, সন্ত্রাস, দলীয়করণ সবকিছু গ্রাস করে ফেলেছে। অতীত সরকারগুলো যেভাবে ব্যর্থ হয়েছে, বর্তমান সরকারের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না।"
জেএসডি'র সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, "তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল নয়, বরং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ পদ্ধতির সংস্কার দাবি করছি আমরা।"
সংবাদ সম্মেলনে জেএসডি'র এমএ গোফরান, নুরুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএইচ/২০১৯ ঘ.
bdnews24