কিশোরগঞ্জ, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কালনী নদীতে শনিবার ভোর রাতে লঞ্চ ডাকাতি হয়েছে।
ডাকাতরা লঞ্চের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের কাছ থেকে ৬০ রাউন্ড গুলি ও তিনটি রাইফেল ছিনিয়ে নিয়ে যায়। পরে রাইফেল তিনটি পরিত্যক্ত অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়।
ডাকাতদের হামলায় চার আনসার সদস্য আহত হয়েছেন। তাদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এমভি আব্দুর রব নামের ওই লঞ্চটি রাত ১০টার দিকে হবিগঞ্জের আজমিরীগঞ্জ থেকে কিশোরগঞ্জের ভৈরবের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
কিশোরগঞ্জের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) ভানু লাল দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৩টার দিকে লঞ্চটি মিঠামইন উপজেলার কেওয়ারজোর ইউনিয়নে পৌঁছলে যাত্রীবেশী ৮/১০ জন ডাকাত লঞ্চে কর্মরত চার আনসার সদস্যকে কুপিয়ে ৬০ রাউন্ড গুলিসহ তিনটি থ্রি নট থ্রি রাইফেল ছিনিয়ে নেয়।"
ওই সময় অন্য অরেকটি ইঞ্জিন চালিত নৌকায় করে আরও ১০/১২ জন ডাকাত লঞ্চে ওঠে তাদের সঙ্গে যোগ দেয়। তারা যাত্রীদের কাছ থেকে নগদ আনুমানিক এক লাখ টাকা, মোবাইল ফোন সেট, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায় বলে এসপি জানান।
ডাকাতদের হামলায় আহত চার আনসার সদস্য হলেন- শফিকুল ইসলাম, এরশাদ উদ্দিন, রিয়াজ উদ্দিন ও মো. আবুল হোসেন।
পুলিশ এ ঘটনায় লঞ্চের সারেং আবুল কালাম ও সুকানি আবদুল কুদ্দস মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
এসপি ভানু লাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, দুপুর ২টার দিকে ঘটনাস্থলের কাছে একদল জেলে লুট হওয়া রাইফেল তিনটি পেয়ে পুলিশকে খবর দেয়। এছাড়া পুলিশ লঞ্চের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় চার রাউন্ড গুলি উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/এমএসবি/১৯২০ ঘ.
bdnews24