ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর যুগ্ম বার্তা সম্পাদক মাহবুব মতিন শনিবার দুপুরে মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৩৯ বছর।
রোববার তাকে দাফন করা হবে।
ইমপ্রেস টেলিফিল্মের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সন্ধ্যা সাড়ে আটটায় চ্যানেল আই'র সিদ্ধেশ্বরী কার্যালয়ের সামনে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ সংরক্ষণের জন্য বারডেমের মরচুয়ারিতে নিয়ে যাওয়া হয়।
রোববার সতীর্থ ও সহকর্মীদের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ১২ থেকে ১ টা পর্যন্ত তার মরদেহ রাখা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজার পর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
চ্যানেল আই'র নিউজ এ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর সাইফুল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শুক্রবার ভোররাতে মারা যান মাহবুব। ১৯৭০ সালের ২২ জুলাই তার জন্ম। গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম থানার রামারবাগ।
মাহবুব মতিনের সাত বছর বয়সী পুত্র মৌনপ্রিয় মাহিয়ান উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রথম শ্রেনীতে পড়ে। তার স্ত্রী শাহিন শবনম।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ করেন মাহবুব। ক্যাম্পাসে থাকতেই জড়িয়ে পড়েন সাংবাদিকতার সঙ্গে।
১৯৯০ সালে দৈনিক মিল্লাত পত্রিকায় কর্মজীবন শুরু। এরপর দৈনিক রূপালী, দৈনিক ভোরের কাগজ ও দৈনিক সংবাদেও কাজ করেন তিনি। চ্যানেল আই'র শুরু থেকে যুক্ত ছিলেন মাহবুব মতিন।
রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসায় মাহবুবের মৃত্যু হয় বলে জানিয়েছেন চ্যানেল আই'র স্টাফ রিপোর্টার নীলাদ্রি শেখর পিন্টু। তিনি জানান, সর্বশেষ শুক্রবার রাত ১টা পর্যন্ত তিনি অফিস করেন।
এদিকে তরুণ সাংবাদিক মাহবুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ এক বিবৃতিতে মাহবুবের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এছাড়া ঢাকা রিপোর্টাস ইউনিটি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন তার মৃত্যুতে শোক জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমকে/এমআই/এসএইচ/২০১৩ ঘ.
bdnews24