রাজবাড়ী, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীতে বিএনপিদলীয় সাবেক দুই সাংসদ ও জেলা কমিটির আহ্বায়ককে অবাঞ্ছিত ঘোষণা করেছে দলের একাংশ।
শুক্রবার দুপুরে দলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল শেষে জেলা আহ্বায়কের কুশপুত্তলিকাও দাহ করে।
অবাঞ্ছিতরা ঘোষণা করা তিনজন হলেন- সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও মো. নাসিরুল হক সাবু এবং জেলা বিএনপি আহ্বায়ক নঈম আনসারী।
রাজবাড়ী-১ আসনের সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু ছিলেন জেলা বিএনপি'র সভাপতি।
বিক্ষুব্ধরা দাবি করছেন, জেলা আহ্বায়ক কমিটি ঘোষিত চারটি উপজেলা ও তিনটি পৌর কমিটিই চুপিসারে ও একপাক্ষিকভাবে করা হয়েছে।
শুক্রবার দুপুর ১টার দিকে বিএনপি কার্যালয়ে জেলা কমিটির প্রথম যুগ্ম-আহ্বায়ক এ.টি.এম আব্দুর রাজ্জাক উজিরের সভাপতিত্বে সংবাদ সম্মেলন করে বিক্ষুব্ধরা তিন নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করে।
এ সময় ১২ জন যুগ্ম-আহ্বায়ক, জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আহ্বায়ক কমিটির ৪৫ জন সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ খালেক।
এর আগে চারটি উপজেলা ও তিনটি পৌরসভা থেকে আসা নেতা-কর্মীরা দলীয় কার্যালয় থেকে একটি মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিচত্বরে সমাবেশ করে।
আব্দুর রাজ্জাক উজির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দলে অপর অংশটি একপাক্ষিকভাবে চুপিসারে কমিটি গঠন করেছে। নঈম আনসারী তৃণমুল ও ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে সংস্কারপন্থীদের নিয়ে তাদের বাড়িতে বসে এ পকেট কমিটি গঠন করেছে।"
এতে দল গোছানোর পরিবর্তে দলের মধ্যে কোন্দল তৈরি হয়েছে বলে তিনি মনে করেন।
তবে জেলা আহ্বায়ক নঈম আনসারী অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ২৪ সেপ্টেম্বর জেলা বিএনপি কার্যালয়ে আহ্বায়ক কমিটির সভায় অধিকাংশ সদস্যদের উপস্থিতিতে আগের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়।
"কমিটিগুলো অনুমোদন দিয়ে কেন্দ্রে পাঠানোর পর ইতোমধ্যে আমাদের কাছে নতুন সদস্য সংগ্রহ ফরম পাঠানো হয়েছে। এখন দলের মধ্যে কিছু ব্যাক্তি নিজ স্বার্থ হাসিলের জন্য বিভেদ তৈরির চেষ্টা চালাচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২১৩৬ ঘ.
bdnews24