২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র: সাবেক ডিআইজি ফররুখকে জিজ্ঞাসাবাদ

১০ ট্রাক অস্ত্র মামলায় পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক ফররুখ আহমেদকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা বেলা ১২টা থেকে সাড়ে তিন ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2009, 04:12 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক ফররুখ আহমেদকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা বেলা ১২টা থেকে সাড়ে তিন ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করেন। ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডি'র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিআইডির নোটিশ পেয়ে ফররুখ সকাল ১১ টায় নগরীর দামপাড়ায় সিআইডি কার্যালয়ে আসেন। বেলা ১২টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত তাকে দশ ট্রাক অস্ত্র আটকের বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। অস্ত্র আটকের সময় সাবেক এ পুলিশ কর্মকর্তা সিআইডির ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। সাবেক স্বরাষ্ট্র সচিব ওমর ফারুকের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের সরকারি তদন্ত দলের সদস্যও ছিলেন তিনি। গত শনিবার সাবেক স্বরাষ্ট্র সচিব ওমর ফারুককে দিনভর জিজ্ঞাসাবাদ করা হয়। কমিটির অন্য সদস্য জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী বর্তমানে এ মামলায় কারাগারে রয়েছেন। সিআইডি কর্মকর্তা মনিরুজ্জামান আরও জানান, সরকারি তদন্ত দলের অন্য দুই সদস্য এনএসআই'র তখনকার পরিচালক (বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত) মেজর জেনারেল এনামুর রহমান এবং পুলিশের তখনকার ডিআইজি (বিশেষ শাখা) শামসুল ইসলামকেও জিজ্ঞাসাবাদ করা হবে। ফররুখকে অস্ত্র আটকের ঘটনায় সরকারের তদন্ত কমিটির প্রতিবেদনের বিভিন্ন দিক এবং ওই সময় তার ভূমিকা নিয়ে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে মনিরুজ্জামান জানান। তবে জিজ্ঞাসাবাদে ফররুখ কী জানিয়েছেন তিনি তা বলতে চাননি। প্রয়োজনে সাবেক এ ডিআইজিকে আবারও ডাকা হতে পারে বলে জানান তদন্ত কর্মকর্তা। এ বছরের জানুয়ারিতে বর্তমান তদন্ত কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত এ মামলায় এনএসআই'র সাবেক দুই প্রধানসহ সাতজনকে নতুন করে গ্রেপ্তার করা হয়েছে। কর্ণফুলী নদীর তীরবর্তী সিউএফএল ঘাটে ২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে ট্রলার থেকে খালাসের সময় পুলিশ দশ ট্রাকভর্তি বিপুল পরিসাণ অস্ত্র আটক করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এএনএস/এসকে/২২০৪ঘ.