চট্টগ্রাম, অক্টোবর ০৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সীতাকুণ্ডের কুমিরা সমুদ্র উপকূলে সাংসদ পুত্র ও তার সহযোগীদের হামলায় সাংবাদিক আহত হওয়ার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার গভীর রাতে হামলার শিকার প্রথম আলোর ফটো সাংবাদিক রাশেদ মাহমুদ বাদি হয়ে সীতাকুণ্ড থানায় এ মামলা দায়ের করেন।
এতে স্থানীয় আওয়ামী লীগ সাংসদ এবিএম আবুল কাশেম মাস্টারের পুত্র এস এম আল মামুন ও এস এম আল নোমান এবং ভাগ্নে মাহমুদুল হাসান মান্নাসহ ২০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় সাংবাদিকদের মারধর, হত্যার হুমকি ও ক্যামেরা ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
সীতাকুণ্ড থানার এসআই আবদুল বায়েস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মামলা দায়েরের বিষয়টি স্বীকার করেছেন। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি বলে তিনি জানান।
কুমিরার সমুদ্র উপকূলবর্তী এলাকায় আবুল কাশেম মাস্টারের ছেলে এস এম আল নোমান ও ভাগ্নে মাহমুদুল হাসান মান্নার নেতৃত্বে সন্ত্রাসীরা চারটি শিপ ইয়ার্ড বুধবার জোরপূর্বক দখল করে অপর আসামি মামুনের মালিকানাধীন ইউনিক এন্টারপ্রাইজের নামফলক ঝুলিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এসময় সংবাদ সংগ্রহ করতে গেলে নোমান ও মামুনের নেতৃত্বাধীন সন্ত্রাসীরা প্রথম আলোর ফটো সাংবাদিক রাশেদ মাহমুদ, স্টাফ রির্পোটার প্রণব বল, সমকালের স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ সেকান্দার ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি ফোরকান আবুর ওপর হামলা চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জিএনএ/১৫৩২ ঘ.
bdnews24