চট্টগ্রাম, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বৃহস্পতিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় মিরসরাই উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম (উত্তর) জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দীন গুরুতর আহত হয়েছেন।
সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার কদম রসূল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে তার গাড়িচালক মাসুদও আহত হন।
মহাসড়ক পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির সার্জেন্ট আমীর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে কদম রসূল এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে উপজেলা চেয়ারম্যানকে বহনকারী জিপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গিয়াস ও মাসুদ গুরুতর আহত হন।"
আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকদের উদ্বৃতি দিয়ে চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরির্দশক মোহাম্মদ জহুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গিয়াসের অবস্থা শঙ্কামুক্ত নয়।
পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।
এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সার্জেন্ট ফারুক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফএফ/এমআই/১৫০০ ঘ.
bdnews24