২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের বিজিএমইএ ভবন ঘেরাও

বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর বিজিএমইএ ভবন ঘেরাও করেছে পোশাক শ্রমিকরা। সন্ধ্যা থেকে আশুলিয়ার বন্ধ হয়ে যাওয়া 'সিজনস সোয়েটারস' এর প্রায় দেড়শ' শ্রমিক বকেয়া-বেতন ভাতার দাবিতে বিজিএমইএ ভবন ঘেরাও করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 04:37 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর বিজিএমইএ ভবন ঘেরাও করেছে পোশাক শ্রমিকরা। সন্ধ্যা থেকে আশুলিয়ার বন্ধ হয়ে যাওয়া 'সিজনস সোয়েটারস' এর প্রায় দেড়শ' শ্রমিক বকেয়া-বেতন ভাতার দাবিতে বিজিএমইএ ভবন ঘেরাও করে। পরে বিজিএমইএ নেতারা শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনায় বসে সমস্যা সমাধানের চেষ্টা চালায়। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিজনস সোয়েটারসের মালিকের সঙ্গে আমরা কথা বলেছি। আগামী ১১ ও ১২ অক্টোবর এসব শ্রমিকের বকেয়া বেতন-ভাতা পরিশোধের প্রতিশ্র"তি দিয়েছেন তিনি।" কারখানাটির শ্রমিকদের আগষ্ট ও সেপ্টেম্বরের বেতন এবং ঈদ বোনাস বকেয়া রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিজিএমইএ'র সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি বলেন, "শ্রমিকদের বেতন-ভাতা না দিয়েই কারখানা বন্ধ করে দিয়েছে এর মালিক জিয়াউল আমীন।" বুধবার আশুলিয়ার 'ওশান ডিজাইন' নামের আরো একটি পোশাক কারখানার বেশকিছু শ্রমিক বকেয়া বেতন-ভাতার দাবিতে বিজিএমইএ ভবনে আসে বলে জানান সালাম মুর্শেদী। রাত দশটায় তিনি বলেন, "শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হবে বলে মালিকদের সঙ্গে আমাদের কথা হয়েছে। শ্রমিক নেতারা এসব শ্রমিকদের ফিরিয়ে নিয়ে যাচ্ছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএনএস/এইচএ/২২৩৮ঘ.