সাভার, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধামরাই উপজেলায় তিন শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় বুধবার দুপুরে স্থানীয়রা এক মহিলাকে আটক করে পুলিশে দিয়েছে।
আটক কাকুলি বেগমের (২৫) বাড়ি নাটোর জেলায়।
উদ্ধার পাওয়া শিশুরা হল- নান্দেশ্বরী গ্রামের আবদুল মালেকের মেয়ে সুমি আক্তার (৮), মাজম ব্যাপারীর মেয়ে মুন্নি আক্তার (৮) এবং আব্দুল হালিমের মেয়ে বাবলি আক্তার (৮)।
তারা নান্দেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন প্রলোভন দেখিয়ে তিন ছাত্রীকে নিয়ে যাচ্ছিল কাকুলি বেগম। স্কুল থেকে প্রায় দুই কিলোমিটার যাওয়ার পর বাবলি কৌশলে পালিয়ে এসে এলাকাবাসীকে বিষয়টি জানায়। পরে এলাকাবাসী সুমি ও মুন্নিকে উদ্ধার করে এবং কাকুলিকে আটক করে। পরে ধামরাইয়ের কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে কাকুলিকে ধামরাই থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৫ ঘ.
bdnews24