রংপুর, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর ও নীলফামারীতে বুধবার ঝড়ে চার শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে।
এর মধ্যে রংপুরের কাউনিয়া উপজেলায় তিন শতাধিক ঘর বিধ্বস্ত হয়। আহত হয়েছে অন্তত ৩৫ জন। নীলফামারীর জলঢাকা উপজেলার পাঁচটি গ্রামের অন্তত ৫০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রংপুর প্রতিনিধি জানান, সকাল ১১টার দিকে কুর্শা ইউনিয়নের তিনটি গ্রামের ওপর দিয়ে ঝড় (টর্নেডো) বয়ে যায় বলে ওই ইউনিয়নের চেয়ারম্যান মহির উদ্দিন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঝড়ে একটি বাজারসহ তিন গ্রামের ৩ শতাধিক ঘর-বাড়ি ও দোকানপাট বিধস্ত হয়েছে। আহত হয়েছে ৩৫ জন।"
ঝড়ে বৈদ্যুতিক খুুঁটিসহ কয়েকশ গাছপালা উপড়ে পড়ে। ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হলো- গোপাল, বিষ্ণপুর ও কুর্শা।
ইউপি চেয়ারম্যান মহির জানান, ঝড়ে ঘরচাপা পড়ে ৩৫ জন আহত হয়েছে। এর মধ্যে দুই জনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ঝড়ের ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসন উদ্যোগ নিয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোকলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাস্থল দুর্গম এলাকা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।"
নীলফামারী প্রতিনিধি জানান, সন্ধ্যায় জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নে ঝড়ের আঘাতে চারটি গ্রামের অন্তত ৫০ পরিবারের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে শতাধিক বৃক্ষ।
এ সময় ভাড়ি বর্ষণ হচ্ছিল বলে ধর্মপাল ইউনিয়ন চেয়ারম্যান জামিলুর রহমান জানান।
তিনি বলেন, সন্ধ্যা ৬টার দিকে খচিমাধা, খেরকাটি, গড় ধর্মপাল ও পাইটকা পাড়া গ্রামে ঝড় আঘাত করে।
ক্ষয়ক্ষতির বিস্তারিত খবর পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/এমআই/১৯০০ ঘ.
bdnews24