দিনাজপুর, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে দিনাজপুরের বীরগঞ্জ এলাকায় সোমবার চার ঘণ্টা মাহসড়ক অবরোধ করেছে বীরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম কমিটি।
সকাল ১১টায় সংগ্রাম কমিটির আহ্বানে কয়েক শ' লোক বীরগঞ্জ উপজেলা সদরে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করে।
এ সময় রাস্তার দু'পাশে কয়েক শ' যানবাহন আটকা পড়ে।
দুপুর ১টায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ তার কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তা ও সংগ্রাম কমিটির নেতাদের নিয়ে জরুরি বৈঠক করেন। দু'ঘন্টা বৈঠক শেষে বেলা ৩টায় অবরোধ তুলে নেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন- দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি বীরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মিলন কুমার কুণ্ডু, বীরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) নুরুল করিম ভূঞা, বীরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক আইয়ুবুল ইসলাম মিন্টু এবং থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মণ্ডল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩০ ঘ.
bdnews24