নওগাঁ, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুক না পেয়ে নওগাঁয় শনিবার এক গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত শেলী (২০) নওগাঁ সদর উপজেলার দোগাছী গ্রামের মোজাম্মেল হকের মেয়ে।
শেলীর ভাই সোয়াইদ হোসেন বাদী হয়ে স্বামী শাহীন ওরফে মিস্টারসহ ছয়জনকে আসামি করে শনিবার রাতে নওগাঁ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
মামলার বরাত দিয়ে নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক এনামুল হক জানান, প্রায় এক বছর আগে শেলীর সঙ্গে শাহীনের বিয়ে হয়। বিয়ের পর থেকে শেলীকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার নির্যাতন করে আসছিল।
তিনি বলেন, শনিবার সকালে শেলীর কাছে যৌতুকের দাবী তুলে শ্বশুরবাড়ির লোকজন ঝগড়া শুরু করে। এর জের ধরে দুপুরে তারা শেলীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঘরের তীরে ওড়না দিয়ে টাঙিয়ে রাখে।
খবর পেয়ে রাতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠায়।
ছয় আসামির সবাই পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের স্বার্থে পুলিশ শাহীন ছাড়া অন্য আসামিদের নাম প্রকাশ করতে রাজী হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩০ ঘ.
bdnews24