ঢাকা, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রূপকল্প-২০২১ বাস্তবায়নে দক্ষ ও যুগোপযোগী শিক্ষক তৈরি করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এ লক্ষ্যে সরকার শিক্ষকদের জন্য আর্থিক ও প্রশিক্ষণ সুবিধা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।
রোববার জাতীয় প্রেসক্লাবে 'বিশ্ব শিক্ষক দিবস: ভবিষ্যত বিনির্মাণের জন্য এখনই শিক্ষকদের জন্য বিনিয়োগ' শীর্ষক এক আলোচনা সভায় তিনি বলেন, "আর্থিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদার আসনে বসাতে হবে। তাহলেই নতুন প্রজন্মের জন্য একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।"
জাতীয় পে কমিশন চালু হলে শিক্ষকদের আর্থিক সুবিধাও কিছুটা বাড়বে বলে আশ্বস্ত করেন তিনি।
প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে থাকে।
জাতীয় শিক্ষানীতি প্রণয়ন হলে দেশের শিক্ষাক্ষেত্রে মৌলিক পরিবর্তন আসবে বলে জানিয়ে মন্ত্রী বলেন, "আমরা সবার মতামত নিয়ে শিক্ষানীতি চূড়ান্ত করব। ভুল হলে তা শুধরে নেব। তবুও শিক্ষানীতি আমাদের প্রয়োজন।"
জাতীয় অগ্রাধিকার হিসেবে শিক্ষানীতি প্রণয়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।
নাহিদ বলেন, "বর্তমানে প্রাথমিক স্তরে শতকরা নয়জন শিশু পড়াশোনার কোন সুযোগ পাচ্ছে না এবং পরবর্তী সময়ে এ স্তরেই ঝরে পড়া শিক্ষার্থীর হার ৪৮ শতাংশ। মাধ্যমিক স্তরে ঝরে পড়ে শতকরা ৪২ ভাগ।
"কারিগরি শিক্ষাও খুবই অবহেলায় রয়েছে। মাত্র দুই শতাংশ শিক্ষার্থী এ বিষয়ে পড়ছে। বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে এ অবস্থার মৌলিক পরিবর্তন আনার উদ্যোগ নিচ্ছে," বলেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহীদুল্লাহ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আব্দুল মান্নান চৌধুরী উপস্থিত ছিলেন।
জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফ্রন্টের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএইচ/২৩৩১ ঘ.
bdnews24