সুনামগঞ্জ, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে সুনামগঞ্জের দিরাই উপজেলার রায়বাঙালি গ্রামে দু'দলের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
এর মধ্যে গুলিবিদ্ধ ২০ জনকে দিরাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের নাম জানা যায়নি।
দিরাই থানার উপ-পরিদর্শক মো. সাইফুল্লাহ জানান, আধিপত্য বিস্তার নিয়ে রায়াবাঙালি গ্রামের জাহির আলী ও বুরহান উদ্দিনের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে।
এর জের ধরে রাত ৮টার দিকে দু'পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ও লাইসেন্স করা বন্দুক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আবার সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ মোতয়েন করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৫ ঘ.
bdnews24