২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলের কোপে আহত কারাপ্রধান

দুপুরে ঘুম থেকে উঠে পাগলের মতো আচরণ শুরু করে কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল মো. আশরাফুল ইসলাম খানের ১৮ বছর বয়সী পুত্র। কেউ কিছু বুঝে উঠার আগেই কোপাতে থাকে বাবা ও দুই বোনকে। আহত হন কারাপ্রধানও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2009, 01:59 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল মো. আশরাফুল ইসলাম খান নিজের পুত্র সফিউল ইসলামের কোপে আহত হয়েছেন। একই ঘটনায় আরও আহত হয়েছেন তার স্ত্রী ও দু কন্যা। হঠাৎ করে মানসিক ভারসাম্য হারিয়ে বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে কারা মহাপরিদর্শকের সরকারি বাসভবনে সফিউল ইসলাম এ ঘটনা ঘটিয়েছে বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম জানিয়েছেন। এ ঘটনায় আহত কারা মহাপরিদর্শক, তার স্ত্রী ও দু' কন্যাকে প্রথমে কারা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আহতদের মধ্যে কারা মহাপরিদর্শকসহ তিনজনকে সম্মিলিত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। ঘটনা তদন্তে একটি কমিটি গঠনের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এরআগে কারা তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ফোর ডটকমকে বলেন, "দুপুরে ঘুম থেকে উঠে সফিউল ইসলাম পাগলের মতো আচরণ শুরু করে। তিনি জানান, সফিউল রান্না ঘরে গিয়ে বটি নিয়ে বড় বোন ঢাকা মেডিকেল কলেজের ছাত্রী আফরিনা আশরাফ (২৫), ছোট বোন সপ্তম শ্রেণীর ছাত্রী অফিফা (১২) কোপাতে থাকে। পরে মা সুফিয়া আকতার ও বাবা বিগ্রেডিয়ার জেনারেল মো. আশরাফুল ইসলাম খানকেও কুপিয়ে জখম করে। তৌহিদুল ইসলাম বলেন, "কোন কিছু বুঝে উঠার আগে সে এই ঘটনা ঘটিয়ে ফেলে।" তিনি জানান, পরে শফিউলকে বাসার অন্য লোকজন ধরে ফেলে। আহতদের প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে মা সুফিয়া বেগম ছাড়া অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। কারা মহাপরিদর্শকের পিঠে ও বুকে, আফরিনা আশরাফের পিঠে ও হাতে এবং সুফিয়া আকতার ও অফিফার হাতে আঘাত লাগে। রাত ৯টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামসুল হক টুকু আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি সাংবাদিকদের জানান, আহতদের আরও ভালো চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হবে। তিনি জানান, এই ঘটনা তদন্ত করে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিনদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। মন্ত্রী-প্রতিমন্ত্রী চলে যাওয়ার পরপরই আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। কারাগারের তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাত সোয়া ৯টার দিকে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সবাইকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কারা মহা পরিদর্শকের বড় মেয়ে আফরিনা আশরাফের অবস্থার কিছুটা অবনতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/প্রতিনিধি/এসএইচ/২২০০ ঘ.