ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রেলওয়ে পুলিশের এক উপ-পরিদর্শকসহ কয়েকজন সদস্যের বিরুদ্ধে ভয় দেখিয়ে যাত্রীর কাছ থেকে টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
পুরান ঢাকার ব্যবসায়ী আব্দুর রহমান বুধবার রাতে কলকাতা থেকে দেশে ফেরেন।
তিনি ঢাকার বিমানবন্দর স্টেশনে এলে রেলওয়ে পুলিশের সদস্যরা ক্যাম্পে আটকে রেখে তার কাছ থেকে ছয় হাজার টাকা ও ব্যাগে থাকা জিনিসপত্র কেড়ে নেয়।
এ ঘটনায় কমলাপুর জিআরপি থানায় করা মামলার এজাহারের তথ্য অনুযায়ী, রাজধানীর সিদ্দিক বাজারের হাবিব মার্কেটের এআর ট্রেডিং স্যানিটারির মালিক আব্দুর রহমান বুধবার রাত সাড়ে আটটার দিকে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে করে বিমানবন্দর রেল স্টেশনে আসেন।
ব্যবসায়িক কাজে তিনি কলকাতা থেকে দর্শনা এসে সেখানকার রেল স্টেশন থেকে সুন্দরবন এক্সপ্রেসে চড়েন।
বিমানবন্দর রেল স্টেশনে নামার পরপরই উপ-পরিদর্শক বেলাল হোসেনের নেতৃত্বে জিআরপি থানার কয়েকজন পুলিশ সদস্য তাকে আটক করে জানিয়ে আবদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কয়েকজন পুলিশ আমাকে আটক করে স্টেশনের প্ল্যাটফর্মের পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তারা আমার লাগেজ হাতিয়ে পাসপোর্ট দেখে বলে, সেটা জাল।
"এক পর্যায়ে তারা আমার হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। পরে আমার হাতে ফেনসিডিল দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়।"
ব্যবসায়ী পরিচয় দেওয়ার পরও পুলিশ তার পকেট তল্লাশী করে ছয় হাজার টাকা কেড়ে নেয় জানিয়ে রহমান বলেন, "রাত সাড়ে ১২ টার দিকে পুলিশ আমাকে ক্যাম্প থেকে বের করে বিমানবন্দর রেলস্টেশনের সামনে একটি সিএনজি অটোরিকশায় জোর করে তুলে দেয়।"
কমলাপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "থানায় একজন ট্রেন যাত্রী পুলিশের বিরুদ্ধে টাকা ছিনতাইয়ের লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত পুলিশ সদস্যরা এর সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এসএইচ/২২৩১ ঘ.
bdnews24