নারায়ণগঞ্জ, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নে রপ্তানিমুখি একটি টেক্সটাইল কারখানায় শুক্রবার বিকালে আগুন লাগে।
আগুনে কাজী নূরে আলম টেক্সটাইল এন্ড ইন্টার লিলিং নামের কারখানাটির মেশিন ও মালামাল পুড়ে গেছে।
আগুন নিভাতে গিয়ে আহত হয়েছেন দুজন। এরা হলেন- মিলের মহাব্যবস্থাপক (জিএম) আব্দুল মান্নান ও প্রকৌশলী কোরবান আলী।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। আগুনের লেলিহান শিখা ওঠে যায় ৪০/৫০ ফুট উপরে।
তিনি জানান, আগুনে কারখানার বেশ কয়েকটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। গুদামে রাখা কাচাঁমাল ও বেশ কয়েকটি মেশিনও পুড়ে যায়। এ সময় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে নরসিংদীর মাধবদি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৬ ঘ.
bdnews24