ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনা শহরের গাছপাড়া এলাকায় নকল স্যালাইন তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার কারখানাটিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও ভেজাল টেস্টি স্যালাইন ও হজমি আটক করে ভ্রাম্যমাণ আদালত।
নকল পণ্য তৈরি ও বাজারজাত করার অভিযোগে কারখানার কর্মচারী জুয়েলকে (২৬) গ্রেপ্তার করা হয়। এ ছাড়া কারখানাটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
সিলেটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাবনা ও সিলেট প্রতিনিধির পাঠানো খবর:
পাবনা: অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইমাম উদ্দিন কবির জানান, বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত গাছপাড়া এলাকার শান্ত এক্সিম লিমিটেড নামের নকল স্যালাইন তৈরির কারখানায় অভিযান চালায়।
তিনি জানান, তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় আরও ছিলেন র্যাবের এসএসপি কাজী আখতার উল আলম।
সিলেট: শহরতলীর ইসলামপুর বাজার এলাকায় বৃহস্পতিবার দুপুরে বিএসটিআই'র ভ্রাম্যমাণ আদালতের ভেজালবিরোধী অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সিলেট জেলা নিবার্হী ম্যাজিষ্ট্রেট এফ এম ফরিদ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
বিএসটিআই'র উপ-পরিচালক মো. রেজাউল করিম জানান, দ্রব্যসামগ্রীর গায়ে মূল্য, উৎপাদনের মেয়াদ না থাকা ও বিএসটিআই'র ভেরিফিকেশন সার্টিফিকেট সংরক্ষণ না করার দায়ে দুশপয়েন্ট নামের দোকানকে ৩ হাজার, বনফুল অ্যান্ড কোম্পানিকে ৫ হাজার, মোহনলাল অ্যান্ড সুইটমিটকে ১০ হাজার ও ফিজা প্রাইভেট লিমিটেডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৮ ঘ.
bdnews24