ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবীণদের জন্য দেশের ছয়টি বিভাগে বৃদ্ধাশ্রম স্থাপন করা হবে। 'শান্তি আলয়' নামে এসব বৃদ্ধাশ্রমে এতিম শিশুদেরও থাকার ব্যবস্থা করা হবে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ একথা জানিয়েছেন।
এক সরকারি তথ্যবিবরণীতে একথা বলা হয়।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ আয়োজিত 'আন্তর্জাতিক প্রবীণ দিবস ১০ম বর্ষপূর্তি উদযাপন ঃ সমাজ হোক সকল প্রজন্মের' শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, "প্রবীণদের মেধা, অভিজ্ঞতা ও সুপরামর্শের ফলে স্বাধীনতার পর দেশের ভঙুর অর্থনীতি আজ এক মানসম্পন্ন টেকসই অবস্থানে পৌঁছেছে।"
সভায় বক্তারা প্রবীণদের কল্যাণে নবীনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি উন্নত দেশের মত বাংলাদেশেও প্রবীণদের কল্যাণে উন্নত চিকিৎসা ব্যবস্থা, বাসস্থান, সামাজিক নিরাপত্তা ও সম্মান বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান।
এ ব্যাপারে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে এনামুল হক মোস্তফা শহীদ বলেন, "বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি করতে বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে ইতোমধ্যে বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ প্রবীণদের জন্য আরো অনেক কর্মসূচি গ্রহণ করেছে।"
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আমান উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুন নেসা খানম ও সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক সিতাংশু সেন।
এর আগে ঢাকা প্রবীণ ভবন থেকে এলজিইডি ভবন পর্যন্ত প্রবীণদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এইচএ/২১২৬ ঘ.
bdnews24