সাভার, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জয়দেবপুর থেকে ছিনতাই হওয়া ৩৭ হাজার ডিম শনিবার ভোরে সাভারের আউখপাড়া আনসার ক্যাম্প থেকে উদ্ধার করেছে পুলিশ।
তবে ঘটনার সঙ্গে জড়িত কেউ গ্রেপ্তার হয়নি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক গোলাম মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাবনা থেকে ঢাকা নিয়ে যাওয়ার সময় শুক্রবার রাতে গাজীপুর জেলার জয়দেবপুর থানা থেকে ৩৭ হাজার ডিম ছিনতাই হয়। এ ব্যাপারে রাতেই জয়দেবপুর থানায় একটি মামলা হয়েছে। এর পরপরই বিভিন্ন থানাকে ছিনতাইয়ের ঘটনাটি জানানো হয়। আশুলিয়া থানা পুলিশ শনিবার ভোরে সাভারের আউখপাড়া আনসার ক্যাম্পে অভিযান চালিয়ে ডিমগুলো উদ্ধার করে।"
তবে আনসার ক্যাম্প থেকে ডিম উদ্ধার নিয়ে ওই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আর কিছু বলতে রাজি হননি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাবনা থেকে যে গাড়িতে করে ডিমগুলো বহন করা হচ্ছিল সেই গাড়ির চালক হেলাল ডিমগুলো সরিয়ে আউখপাড়া আনসার ক্যাম্পে লুকিয়ে রাখে।"
আনসার ক্যাম্প থেকে ডিম উদ্ধার সম্পর্কে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিষয়টি আরও ভাল করে খতিয়ে দেখা হচ্ছে। চালক হেলালকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/এমএসবি/২১১৫ ঘ.
bdnews24