২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচনে জিল্লুর রহমানের জন্য মনোনয়নপত্র সংগ্রহ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান শনিবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জিল্লুর রহমানের পক্ষে সরকারি দলের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2009, 01:09 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান শনিবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জিল্লুর রহমানের পক্ষে সরকারি দলের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ মনোনয়নপত্র সংগ্রহ করেন। আব্দুস শহীদ সাংবাদিকদের বলেন, "জিল্লুর রহমান ও সাংসদদের পক্ষ থেকে আমি রাষ্ট্রপতির মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। এটি নিয়ে সরাসরি সংসদ উপনেতার বাসায় যাব এবং তা পূরণ করে যথাসময়ে প্রধান রিটার্নিং কর্মকর্তার (প্রধান নির্বাচন কমিশনার) কাছে জমা দেওয়া হবে।" আগামী ১৬ ফেব্র"য়ারি রাষ্ট্রপতি পদে নির্বাচনের সময়সূচি রয়েছে। তফসিল অনুযায়ী ৮ ফেব্র"য়ারি মনোনয়ন দাখিলের শেষ সময় এবং বাছাই ৯ ফেব্র"য়ারি ও প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্র"য়ারি। এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, "স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনে বিরোধী দল যেভাবে সহযোগিতা করেছে, আশা করছি রাষ্ট্রপতি নির্বাচনেও তাদের কাছ থেকে একই রকম সহযোগিতা পাব।" সংসদ অধিবেশন শুরুর প্রথম দিনই রাষ্ট্রপতির শপথ ভঙ্গের অভিযোগে বিএনপি ওয়াকআউট করে। তবে পরে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে তারা অধিবেশনে অংশগ্রহণ করা থেকে বিরত রয়েছে। সরকারি দলের চিফ হুইপ মনে করে বিএনপি বড় কোনো বিষয়ে ওয়াকআউট করেনি। আব্দুস শহীদ বলেন, "সংসদকে কার্যকর করতে সবাই মিলে কাজ করতে হবে। বিরোধী দল যেভাবে সহযোগিতা করছে, আমরাও সহযোগিতা করছি। আশা করি, তা অব্যাহত থাকবে।" সংসদের আসন বিন্যাস নিয়ে সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারের সমালোচনা করে চিফ হুইপ বলেন, "আসন বিন্যাস নিয়ে সাবেক স্পিকার সব দলের সঙ্গে আলোচনা করেনি; তার ব্যক্তিগত ইচ্ছায় তা করেছেন। এর মধ্য দিয়ে সরকার ও বিরোধী দলের সাংসদদের মধ্যে বিভাজনের বীজ বপন করেছেন তিনি।" বর্তমান স্পিকার দলগুলোর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। চিফ হুইপ আব্দুস শহীদ বেলা তিনটার দিকে ইসি সচিবালয়ে যান। রাষ্ট্রপতির মনোনয়নপত্র সংগ্রহ শেষে তিনি তার নির্বাচনী ব্যয় বিবরণী দাখিল করেন। এদিকে, ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০০ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী ব্যয় বিবরণী নির্বাচন কমিশনে জমা পড়েছে। শনিবার ছিল নবম সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যয় বিবরণী দাখিলের শেষ দিন। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারি সচিব ফরহাদ আহম্মদ খান জানান, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে ব্যয় বিবরণী দাখিলের বিধান রয়েছে। সে অনুযায়ী শনিবার ছিল শেষ দিন। তিনি আরও জানান, রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যয় বিবরণী জমা দেওয়ার পাশাপাশি আরেকটি অনুলিপি ফ্যাক্সে ইসিতে পাঠাতে হবে। বিবরণী দিতে কেউ ব্যর্থ হলে জরিমানাসহ ২ থেকে ৭ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে বলেও জানান ফরহাদ আহম্মদ। এবার ৩০০ সংসদীয় আসনে ১৫৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল