২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে দুদল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ৩৫

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রকাপন গ্রামে শুক্রবার সন্ধ্যায় মসজিদ তহবিলের হিসেব নিয়ে দু'পক্ষের সংঘর্ষে ছয় পুলিশসহ ৩৫জন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2009, 03:04 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

সুনামগঞ্জ, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রকাপন গ্রামে শুক্রবার সন্ধ্যায় মসজিদ তহবিলের হিসেব নিয়ে দু'পক্ষের সংঘর্ষে ছয় পুলিশসহ ৩৫জন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। আহত পুলিশ সদস্যরা হলেন- জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিপন, কনস্টেবল ওয়াদুদ, নূর হোসেন, ওমর ফারুক, লিটন ও আবু ইউসুফ। এদের কৈতক ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত গ্রামবাসীর মধ্যে আছেন- খালেক (৬৫), জাফরুল (২২) ও সিতু (২৩)। এদের ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ কর্মকর্তারা জানান, খিদ্রাকাপন গ্রামের মসজিদ তহবিলের হিসেব নিয়ে শুক্রবার জুমার নামাজের পর মোতওয়াল্লি উকিল মিয়া ও গ্রামের রসক আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ধ্যার পর এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। দু'পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক শিবলী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরিস্থিতি এখন স্বাভাবিক। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। পুলিশ সদস্য আহত হওয়ার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান। সুনামগঞ্জের পুলিশ সুপার মো. সফিকুল ইসলাম জানান, সংঘর্ষে পুলিশ আহত হওয়ার ঘটনায় শুক্রবার রাতের মধ্যে মামলা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৪ ঘ.