২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বিডিআর-জলদস্যু বন্দুকযুদ্ধ

সুন্দরবনের সাতক্ষীরা জোনে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও জলদস্যুদের মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিডিআর সদস্যরা জলদস্যুদের ব্যবহৃত একটি ট্রলার আটক এবং গুলির ছয়টি খোসা উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2009, 04:10 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

সাতক্ষীরা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুন্দরবনের সাতক্ষীরা জোনে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও জলদস্যুদের মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিডিআর সদস্যরা জলদস্যুদের ব্যবহৃত একটি ট্রলার আটক এবং গুলির ছয়টি খোসা উদ্ধার করেছে। ৭ রাইফেলস ব্যাটালিয়ানের অধিনায়ক মেজর আলমগীর দেওয়ান জানান, বিকেলে বিডিআর সদস্যরা ডাকাতদের একটি ট্রলারের পিছু নিলে দু'পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে পলায়নরত জলদস্যুরা ট্রলারটি নদীর ধারে ফেলে গভীর জঙ্গলে ঢুকে সেখান থেকে বিডিআরকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। এ সময় বিডিআর ১৪ রাউন্ড এবং জলদস্যুরা ৩০ রাউন্ড গুলি ছোড়ে। এতে কোনো হতাহত হয়নি। এদিকে সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদীতে জলদস্যুদের হাতে আটক পাঁচ জেলেকে বুধবার রাতে উদ্ধার করেছে বন কর্মকর্তারা। এ পাঁচজনই বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে জলদস্যুর হাতে পড়ে। তবে দস্যুরা কবে তাদের ধরে নিয়ে যায় তা বলতে পারেননি সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনি স্টেশন কর্মকর্তা। উদ্ধার হওয়া পাঁচ জেলে হলেন- খুলনার ফুলতলা উপজেহলার দামুদর এলাকার গহর আলীর ছেলে বাচ্চু আলী বেগ (৩৫), দাকোপ উপজেলার চুনকুঁড়ি এলাকার সুলতান শেখের ছেলে নূর ইসলাম শেখ (৪২), সদরের কাস্টমঘাট এলাকার ইসাহাক আলীর ছেলে হায়দার আলী (৪৫), সদরের টুটপাড়া এলাকার কাশেম আকনের ছেলে আলকাজ আলী (৩৮) এবং একই এলাকার কাশেম সরদারের ছেলে লোকমান সরদার (৪০)। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনি স্টেশন কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, বুধবার রাতে সুন্দরবন পশ্চিম জোনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) অবনীভূষণ ঠাকুর এবং সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা রাজেশ চাকমা সুন্দরবন পরিদর্শনকালে সন্দেহজনক একটি ট্রলারের পিছু নেন। এ সময় তারা সন্দেহজনক ওই ট্রলারকে থামতে বলে। কিন্তু জলদস্যুরা না থেমে পাঁচ জিম্মিসহ তাদের ব্যবহৃত ট্রলারটি ফেলে গভীর জঙ্গলে পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৭ ঘ.