ঢাকা,জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর মীরপুরে রোববার ভোরে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে নগদ টাকাসহ প্রায় সাড়ে ৭ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে যায়।
ভোর সোয়া ৪টার দিকে মীরপুরের ১৪৭/১০ পীরের বাগের বাসার দোতলায় ৭ জন সশস্ত্র ডাকাত বাসায় ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার, সঞ্চয়পত্র,নগদ টাকা,ঘড়ি ইত্যাদি নিয়ে যায়।
মীরপুর থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ সদর দপ্তরের অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা সামসুদ্দিন আহমদের বাসায় এই ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতরা বাসার কলাপসিবল গেটের তালা ভেঙে দোতালায় ওঠে এবং কৌশলে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা বাসার গৃহকর্তা এবং কর্ত্রীকে হাত অস্ত্রের মুখে পা বেঁধে আলমারি ভেঙে ২০ ভরি স্বর্ণালঙ্কার,সঞ্চয়পত্রসহ প্রায় নগদ ৩ লাখ টাকা, মূল্যবান দুইটি ঘড়ি লুটে নেয়।
উপ-পরিদর্শক জানান,এ ব্যাপারে একটি মামলা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২২৪৮ঘ.
bdnews24