২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিশ্চিন্তে ব্যবসা-বাণিজ্য চালান: সিএমপি কমিশনার

বন্দর নগরীতে সন্ত্রাস ও চাঁদাবাজি কঠোর হাতে দমনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মনিরুজ্জামান। তিনি শনিবার বিকালে সিএমপি দপ্তরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তাদের 'নিশ্চিন্তে' ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাওয়ার আহবান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2009, 02:57 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বন্দর নগরীতে সন্ত্রাস ও চাঁদাবাজি কঠোর হাতে দমনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মনিরুজ্জামান। তিনি শনিবার বিকালে সিএমপি দপ্তরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তাদের 'নিশ্চিন্তে' ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাওয়ার আহবান জানান। কমিশনার বলেন, " নির্বাচন-পরবর্তী নগরীর আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।" তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সেদিকে নজর দিতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। সিএমপি কমিশনার অবৈধভাবে পণ্য মজুতদারদের সতর্ক করে দিয়ে সৎভাবে ব্যবসা করার অনুরোধ জানান। এছাড়া পুলিশের নামে চাঁদাবাজিও সহ্য করা হবে না বলে তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন। সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পুলিশ কমিশনার সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, "আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমরা স্বাধীনভাবে কাজ করতে চাই। গত দুই বছরে পারলে এখন পারব না কেন। দিন বদলের সঙ্গে মন বদলানোর মধ্য দিয়ে আমরা জনগণের সেবা করে যেতে চাই।" ব্যবসায়ীদের দাবির মুখে দিনের বেলা নগরীতে ট্রাকে করে মালামাল লোড-আনলোডিং এর ওপর নিষেধাজ্ঞা শিথিলের আশ্বাস দেন সিএমপি কমিশনার। তিনি জানান, দ্রুতই সরকারের উচ্চ পর্যায়ে আলাপ করে খাদ্য পরিবাহী ট্রাক নগরীতে প্রবেশের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া ব্যবসায়ীদের দাবি অনুযায়ী খাতুনগঞ্জ ও আসাদগঞ্জ এলাকার যনজট নিরসনে উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। বৈঠকে ব্যবসায়ী নেতাদের মধ্যে খাতুনগঞ্জ এলাকার ব্যবসায়ী তৈয়বুর রহমান, চট্টগ্রাম চেম্বারের পরিচালক সৈয়দ ছগীর আহমদ, সাবেক পরিচালক মাহবুবুল আলম, ব্যবসায়ী এম এস আলম প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২০৫২ঘ.