ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যালট পেপার ছিনতাইয়ের পর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে।
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা এবং কেরাণীগঞ্জের দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকার পর আবার শুরু হয়েছে।
কেরাণীগঞ্জে জাল ভোট দেওয়ার অপরাধে পাঁচ ব্যক্তিকে সাজাও দিয়েছে ভ্রাম্যমান আদালত। মুন্সীগঞ্জ থেকে প্রদীপ চৌধুরী এবং কেরাণীগঞ্জ ও নোয়াখালী থেকে প্রতিনিধিরা বিস্তারিত জানাচ্ছেন।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এক প্রার্থীর পোলিং এজেন্ট ব্যালট বাক্স লাথি দিয়ে ভেঙ্গে ফেলে বাক্সে থাকা সিল মারা একটি ব্যালট পেপার নিয়ে পালিয়ে যায়। এরপর ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারও পালিয়ে যায়।
ঘটনার পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
খবর পেয়ে সেনা সদস্যরা কেন্দ্রে উপস্থিত হয় এবং তারা প্রিজাইডিং অফিসারকে নিয়ে আসেন। কেন্দ্রটির মোট ভোটার সংখ্যা ২৫ শ ৯১ জন।
জেলা প্রশাসক মাহবুব উল ইসলাম এ ঘটনার বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ঘটনার সাথে কারা জড়িত এখন পর্যন্ত তা জানা যায়নি। তবে আপাতত ভোটগ্রহণ স্থগিত রয়েছে।"
এদিকে গজারিয়া উপজেলার মধ্য বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মো: জুয়েল নামের নবম শ্রেণীর এক ছাত্রকে তিন রাউন্ড গুলি ভর্তি একটি রিভলবারসহ আটক করেছে পুলিশ।
গজারিয়া থানার ওসি বলেন, "আটককৃতকে থানায় রাখা হয়েছে। তবে সে কোন প্রার্থীর হয়ে কাজ করছিল তা এখনও জানা যায়নি।"
এদিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের জোরপুকুরপাড় এলাকার পঞ্চসার জুনিয়র স্কুল কেন্দ্রে সকাল সোয়া ১১টার দিকে দু প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়।
আওয়ামী লীগ সমর্থক প্রার্থী আনিসুজ্জামন আনিস (দোয়াত কলম মার্কা)'র সমর্থকদের অভিযোগ, বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট সালাহউদ্দিন খান স্বপন (রিকশা মার্কা)'র সমর্থকরা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে।
পরবর্তীতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সহকারি রিটার্নিং অফিসার ঘটনাস্থলে আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এ দুই প্রার্থীর সমর্থকরা কেন্দ্রের বাইরে অবস্থান করছে।
নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ ফ ম বাবুলের সমর্থকরা সকাল সাড়ে নয়টার দিকে কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করে।
কিন্তু ছিনতাইয়ে ব্যর্থ হয়ে দুইটি বুথ থেকে ছবিযুক্ত ভোটার তালিকার কিছু পাতা ছিঁড়ে নিয়ে যায় তারা। ফলে বুথ দুটিতে প্রায় আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে।
খবর পেয়ে সোনাইমুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ সিং অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উপজেলা সদর থেকে ছবিযুক্ত ভোটার তালিকা আনার পর আবারও ভোটগ্রহণ শুরু হয়।
কেন্দ্রের প্রিজাইডি অফিসার আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি শান্ত রয়েছে। দুস্কৃতকারীরা ভোটগ্রহণ বন্ধ করে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন ভোটগ্রহণ স্বাভাবিক ভাবে চলছে।"
চেয়ারম্যান প্রার্থী গোলাম ভুইয়া জানান, তার কর্মী ও সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং তার জয়কে ছিনিয়ে নেওয়ার জন্য ভোটগ্রহণ বন্ধ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।
ভোট গণনা না হওয়া পর্যন্ত কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের আহ্বানও জানিয়েছেন তিনি।
এছাড়া জেলার প্রতিটি ভোট কেন্দ্রেই ভোটারের উপস্থিতি খুবই কম। কোথাও কোথাও পুরো কেন্দ্রই খালি।
মিটফোর্ড প্রতিনিধি জানান, কেরানিগঞ্জের নতুন বাক্তারচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১০ টার দিকে রিকশা মার্কার পোলিং এজেন্ট ৭৭টি ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মেরে বাক্সে ফেলে দিলে কেন্দ্রটিতে ২৫ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে।
এ সময় জনতা ও পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন সুরুজ জামান (৪২), শহীদুল ইসলাম (৪৫), মুল্লুক চাঁন (৫০), আবু তালেব (৫০) এবং মোসলেম (৩৫)।
ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) নজমুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "সকাল সাড়ে ১০ টার দিকে অতি উৎসাহী কিছু লোক পোলিং এজেন্ট সেজে এ ঘটনা ঘটিয়েছে। তাদেরকে ম্যাজিস্ট্রেটের হাতে দিয়ে বিচারের ব্যবস্থা করা হচ্ছে।"
তিনি আরো বলেন, "এখন পরিস্থিতি শান্ত রয়েছে।"
আটককৃত পাঁচচজনের প্রত্যেককে তিন বছরের বছরের কারাদণ্ড ও চার হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ঢাকা এডিশনাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাহান কবীরের ভ্রাম্যমান আদালত এ রায় দেয়।
উপজেলার অন্যান্য কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিবি/এমডি/এফএফ/জিএনএ/১৩০৪ ঘ.
bdnews24