ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোফাখখারুল আহমেদ সোহেল হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
লাশ গোপন করায় আরেকজনকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুহম্মদ নুরুল হুদা এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. সাইফুল ইসলাম ও তার চাচাতো ভাই ফিরোজ মিয়া।
এছাড়া লাশ গোপন করার অভিযোগে সাইফুলের ভগ্নিপতি মো. বুলুকে পাঁচ বছরের সাজা এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত বছরের ১১ জানুয়ারি মোফাখখারুল আহমেদ সোহেল তার ধানমণ্ডির বাসায় খুন হন।
রায় ঘোষণার পর আদালতে উপস্থিত ডা. মোফাখখারের বৃদ্ধ বাবা ডা. মোজাফফর আহমেদ ও মা ফিরোজ বেগম সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকর করার দাবি জানান।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১১ জানুয়ারি রাতে ধানমণ্ডি সাত মসজিদ রোডের বাসায় বাড়ির কেয়ারটেকার কাম গাড়িচালক সাইফুল ইসলাম ও তার চাচাতো ভাই ফিরোজ ডা. মোফাখখারকে ছুরি মেরে হত্যা করে। পরে তারা লাশটি কেটে সুটকেস ও বস্তায় ভরে গাইবান্ধায় নিয়ে যায়। সাইফুল সেখানে তার ভগ্নিপতি বুলুর সহায়তা নেয়। দণ্ডিতরা পলাশবাড়ি থানার শিমুলতলী গ্রামের কলাবাগানে ডা. মোফাখখারের মাথা পুঁতে রাখে এবং করতোয়া নদীতে শরীরের বাকি অংশ ফেলে দেয়।
এই ঘটনায় নিহতের মা ফিরোজা বেগম ধানমণ্ডি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে লাশ উদ্ধার হলে তা হত্যা মামলার রূপ পায়।
পুলিশ ফিরোজকে গ্রেপ্তার করলে সে হত্যাকাণ্ডে নিজের ও বাকি দুইজনের জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়।
তদন্ত শেষে ২০০৮ সালের ১৬ মার্চ গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহজাহান দণ্ডিতদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এই মামলায় রাষ্ট্রপক্ষে ৩৪ জন সাক্ষ্য দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর মো. শহিদুল ইসলাম সরদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/১৯৪৪ঘ.
bdnews24