২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ডাকাতের হামলায় পুলিশের এসআই আহত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বুধবার গভীর রাতে ডাকাতের হামলায় মঞ্জুর আলম নামে পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2009, 12:16 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম) - চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বুধবার গভীর রাতে ডাকাতের হামলায় মঞ্জুর আলম নামে পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। রাত সোয়া ২টার দিকে টহল দেওয়ার সময় উপজেলার দক্ষিণ শোলকাটা গ্রামে ডাকাতরা তাকে কিরিচ দিয়ে মাথায় ও পায়ে আঘাত করে। মঞ্জুরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিএনজি চালিত অটোরিকশায় করে টহল দেওয়ার সময় শোলকাটা গ্রামে পুলিশ দেখতে পায়- আনোয়ারা-বাঁশখালী সড়কে গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। উপ-পরিদর্শক মঞ্জুর বিষয়টি দেখতে অটোরিকশা থেকে নামলে দুর্বৃত্তরা তাকে কিরিচ দিয়ে মাথা ও পায়ে আঘাত করে পালিয়ে যায়। ভোররাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। তিনি জানান, ডাকাতরা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতির পাঁয়তারা করছিল। ওই সড়কের শোলকাটা এলাকায় প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে। ওসি জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৮১৭ ঘ.