২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের সামগ্রী পাঠানো শুরু

উপজেলা নির্বাচনের জন্য ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সামগ্রী পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা চেয়েছেন। ইসির সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল বাতেন বুধবার সাংবাদিকদের জানান, রাজশাহী বিভাগের সব জেলায় বুধবার প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2009, 11:48 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা নির্বাচনের জন্য ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সামগ্রী পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা চেয়েছেন। ইসির সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল বাতেন বুধবার সাংবাদিকদের জানান, রাজশাহী বিভাগের সব জেলায় বুধবার প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগে ১৫ জানুয়ারি, খুলনা ও বরিশাল বিভাগে ১৬ জানুয়ারি এবং ১৭ জানুয়ারি ঢাকা বিভাগের সব জেলায় মালামাল পাঠানো হবে। আগামী ২২ জানুয়ারি দেশের ৪৮১টি উপজেলা পরিষদের নির্বাচন একযোগে অনুষ্ঠিত হবে। সাখাওয়াত হোসেন বলেন, "সংসদ নির্বাচনের মতো আসন্ন উপজেলা নির্বাচনকেও আমরা সম্পূর্ণ নিরপেক্ষ, প্রভাবমুক্ত ও নিরাপদ দেখতে চাই। এ জন্য দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা চাই।" সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও রাজনৈতিক দলগুলোর উদ্দেশে নির্বাচন কমিশনার বলেন, "নির্বাচনকে কেউ প্রভাবিত করার চেষ্টা করছে কিনা- সে বিষয়ে আমরা সজাগ দৃষ্টি রাখছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকেও এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।" তবে এখনও পর্যন্ত প্রভাব খাটানোর বড় ধরনের কোনও অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি। নির্বাচনী আচরণবিধি পালনের জন্য প্রার্থীদের প্রতি তাগিদ দিয়ে সাখাওয়াত বলেন, "২০ জানুয়ারি মধ্যরাত খেকে ২৪ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত সব ধরনের প্রচারণা, মিছিল-সভা বন্ধ থাকবে। সবাই তা পালন করছে কিনা- তা তদারকিতে ১৬ জানুয়ারি থেকে বিচার বিভাগের এবং নির্বাহী বিভাগের ম্যাজিস্ট্রেটরা মাঠে নামছে।" রাজশাহীর মেয়রের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ এসেছে, সে বিষয়ে জানতে চাইলে সাখাওয়াত বলেন, "এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণিত হলে প্রতিমন্ত্রী পদমর্যাদার এই মেয়রকে সতর্ক করে দেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৭৫৫ ঘ.