ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে একটি ভুয়া ব্লাড ব্যাংকের খোঁজ পেয়েছে র্যাব সদস্যরা। অস্বাস্থ্যকরভাবে সংগৃহীত রক্ত বিক্রির সময় বুধবার হাতেনাতে ধরা হয়েছে দুই রক্ত ব্যবসায়ীকে। তারা মাদকাসক্তদের কাছ থেকে সিরিঞ্জে করে রক্ত কিনে একসঙ্গে মিশিয়ে ব্যগে ভরে বিক্রি করতো বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- মিজান ও সুজন। মিরপুর থানার পিছনে বড়বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি সিরিঞ্জসহ ৫ ব্যাগ রক্তও উদ্ধার করা হয়।
র্যাব-১ এর মেজর সাইফুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিভিন্ন হাসপাতালের কর্মচারী বা দালালের সঙ্গে চুক্তি করে তারা রক্তের ব্যবসা করে আসছিল। একেক ব্যাগ রক্ত তারা বিক্রি করতো ৮০০ থেকে ৮৫০ টাকায়।
র্যাব কর্মকর্তা বলেন, "তারা মাদকাসক্তদের কাছ থেকে প্রতি সিরিঞ্জ রক্ত ৭০ থেকে ৮০ টাকায় সংগ্রহ করতো। কখনো কখনো একটি ব্যাগে ২/৩ জনের রক্ত মিশিয়েও বিক্রি করা হতো। সংগ্রহিত রক্ত আশেপাশের মুদি দোকানের ফ্রিজে সংরক্ষণ করা হতো।"
মেজর সাইফুল জানান, মিরপুরের ওই এলাকায় আরো ভুয়া ব্লাড ব্যাংক বা রক্ত ব্যবসায়ী থাকতে পারে। র্যাব সদস্যরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
রক্ত গ্রহীতাদের সতর্ক হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, "এ ধরনের ব্যবসায়ীদের কাছ থেকে রক্ত নিলে তা রোগীর মৃত্যুরও কারণ হতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কিউএইচ/জেকে/১৭২৫ ঘ.
bdnews24