জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম মৃত্যুবার্ষিকীতে গান আর নাটকের মধ্য দিয়ে সেলিম আল দীনকে স্মরণ করেছে সহকর্মী, শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীরা।
প্রয়াত এ শিক্ষককে শ্রদ্ধা জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুধবার নানা কর্মসূচি পালন করা হয়। দিনের শুরুতে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে প্রয়াত নাট্যকারের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এরপর বিভাগ থেকে বের হয় শোক শোভাযাত্রা।
ক্যাম্পাস ঘুরে সেই শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে সেলিম আল দীনের সমাধিতে ফুল দেয়। বিকালে সেলিম আল দীনের ওপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী হয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত জহির রায়হান মিলনায়তনে। মিলনায়তনে সারাদিনই চলে স্মারকগ্রন্থ ও আলোকচিত্র প্রদশর্নীর।
এরপর সন্ধ্যায় ক্যাম্পাসের মুক্ত মঞ্চে সেলিম আল দীনের লেখা গান নিয়ে অনুষ্ঠান 'কহনকথা'র আয়োজন হয়। পরে তার লেখা নাটক 'শকুন্তলা' মঞ্চায়িত হয়।
২০০৭ সালের ১৪ জানুয়ারি মারা যান আধুনিক বাংলা নাটকের অন্যতম দিকপাল সেলিম আল দীন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম আমৃত্যু ওই বিভাগে অধ্যাপনা করে গেছেন।
সেলিম আল দীনের স্ত্রী বেগমজাদী মেহেরুন্নেসা পারুল সকালে বিভাগে সেলিম আল দীনের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন।
শোক শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুনিরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মীরা অংশ নেয়।
ফুল দেওয়ার পর সমাধির পাশেই আলোচনা সভা হয়। এতে অধ্যাপক মুনিরুজ্জামান, অধ্যাপক আফসার আহমেদ, নাট্যব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী, নাসিরউদ্দিন ইউসুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের সভাপতি ইস্রাফিল শাহীন, বাংলাদেশ গ্র"প থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী, পীযূষ বন্দোপাধ্যায়, শহিদুজ্জামান সেলিম।
উপস্থিত ছিলেন- অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, আফজাল হোসেন, অভিনেত্রী শিমূল ইউসুফসহ বিভিন্ন নাট্য সংগঠনের কর্মীরা।
আতিকুল হক চৌধুরী বলেন, "সেলিম আল দীন নাটকের যে নকশা দিয়ে গেছেন, তা রঙ ও বর্ণে পূর্ণ করতে হবে। বাংলা নাট্য সাহিত্যে রবীন্দ্রনাথের পরই সেলিম আল দীনের অবস্থান।"
বিকালে মিলনায়তনের সেমিনার কক্ষে সেলিম আল দীনের ওপর নির্মিত শহিদুজ্জামান সেলিমের প্রামাণ্যচিত্র 'শোকের পদাবলী' ও এশা ইউসুফের 'এই যে আমি' প্রদর্শিত হয়। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে নাটক মঞ্চায়ন ও গান পরিবেশন করে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০০ ঘ.
bdnews24