সিলেট, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে মঙ্গলবার রাতে এক দুর্ঘটনায় র্যাব-১০ এর ১০ সদস্য আহত হয়েছেন।
রাত ৯টার দিকে সিলেট-মৌলভীবাজার সড়কের ফেঞ্চুগঞ্জের ইলাশপুর রেলওয়ে ক্রসিংয়ে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ও র্যাব সদস্যদের বহনকারী একটি মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত ৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
র্যাব-৯ এর এএসপি আমজাদ হোসেন মঙ্গলবার রাত ১১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিলেটে বিশেষ অভিযান চালাতে এসে এক দুর্ঘটনায় র্যাব-১০ এর ১০ সদস্যের সবাই আহত হয়েছেন। আহতদের ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।"
আহত র্যাব সদস্যদের নাম প্রকাশ করেননি তিনি।
আমজাদ হোসেন বলেন, "র্যাব সদস্যদের বহনকারী সাদা রঙের মাইক্রোবাসটি ফেঞ্চুগঞ্জের ইলাশপুরে দুর্ঘটনার কবলে পড়ে। রেলক্রসিংয়ে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর এক্সপ্রেসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি সড়ক থেকে ১০/১৫ ফুট দূরে ঝোপের মধ্যে ছিটকে পড়ে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৫১ ঘ.
bdnews24