ঢাকা, ১১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বাংলাদেশ বিমানের দুবাইগামী ফ্লাইট বিজি ০৩৫ রোববার রাতে উড্ডয়নের কিছুক্ষণ পরই যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ার পর ফিরে আসতে বাধ্য হয়।
জরুরি অবতরণকারী বিমানটিতে ৪৬৫ জন যাত্রী ছিলেন। তারা সবাই নিরাপদে আছেন।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ সিরাজুল ইসলাম রোববার দিবাগত রাত ১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সায়েদ তালাতকে জানান, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত সাড়ে ১১টায় উড্ডয়নের ২৫ মিনিট পর বিমানটির একটি ইঞ্জিন বন্ধ হয়ে যায়।
সিরাজুল ইসলাম বলেন, এরপর বিমানটি ফিরে এসে পৌনে একটার দিকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ল্যান্ডিং এর সময় সম্ভাব্য অগ্নিকাণ্ড এড়াতে বিমানটি থেকে বেশিরভাগ জ্বালানি ফেলে দেওয়া হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনা মোকাবেলার জন্য পুলিশ, র্যাব ও দমকলের অনেকগুলো ইউনিট বিমানবন্দরে যায়।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিমানবন্দর থেকে সতর্কতা বার্তা পাওয়ার পর দমকলের সবগুলো ইউনিটকে সেখানে পাঠানো হয়। আমাদের বলা হয়েছিল একটি বিমান অবতরণের সময় আগুন লাগতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেআরসি/এসকে/০১৩৯ঘ.
bdnews24