ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বেসরকারি উদ্যোগে সাবমেরিন কেবল স্থাপনের নীতিমালা চূড়ান্ত করার জন্য ২০ জানুয়ারি গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ জানুয়ারি পর্যন্ত আগ্রহী প্রতিষ্ঠান ও ব্যক্তি খসড়া নীতিমালার ওপর মন্তব্য দিতে এবং গণশুনানিতে অংশ নেওয়ার জন্য নাম তালিকাভুক্ত করতে পারবে। ংঁনসধৎরহবথপধনষব@নঃৎপ.মড়া.নফ এ ঠিকানায় মন্তব্য ও নাম পাঠাতে হবে।
৪ ডিসেম্বর বিটিআরসি খসড়া নীতিমালা প্রকাশ করে। এ নীতিমালা অনুসারে বাংলাদেশে সাবমেরিন কেবল স্থাপন ও পরিচালনার জন্য দু'টি নতুন লাইসেন্স দেওয়া হবে। প্রাথমিকভাবে ২০ বছরের জন্য লাইসেন্স দেওয়া হবে।
বর্তমানে বাংলাদেশ এসইএ-এমই-ডব্লিওই-৪ সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত আছে। এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজ করছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড।
লাইসেন্সের আবেদনপত্রের জন্য খসড়া নীতিমালায় ফি নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। আর লাইসেন্স ফি নির্ধারণ করা হবে উন্মুক্ত নিলামের মাধ্যমে। লাইসেন্স পাওয়ার ৩০ কর্মদিবসের মধ্যে ৫০ ভাগ অর্থ জমা দিতে হবে। অবশিষ্ট টাকা এক বছরের মধ্যে জমা দেওয়া যাবে।
খসড়া নীতিমালায় বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠান ইতিপূর্বে কমিশনের আহ্বানে প্রস্তাব জমা দিয়েছিল তারা সাবমেরিন কেবল স্থাপনের জন্য আবেদন করতে পারবে। তবে তারা নতুন করেও প্রস্তাব জমা দিতে পারবে। এছাড়া বিদেশি কোম্পানী বাংলাদেশী প্রতিষ্ঠানের সঙ্গে কনসোর্টিয়াম করে লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানের মালিকানা ৪৯ ভাগের বেশি হবে না। বিদেশি বিনিয়োগ সরাসরি বৈদেশিক মুদ্রায় করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২২৪৩ঘ.
bdnews24