২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডার-চাঁদাবাজির বিরুদ্ধে আইন প্রয়োগে কঠোর হোন: বন প্রতিমন্ত্রী

টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে নিরপেক্ষভাবে কঠোর হাতে আইন প্রয়োগের জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, "আইনের ফাঁক ফোকর দিয়ে কেউ বেরিয়ে গেলে যাক। কিন্তু কোন নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেটা নিশ্চিত করতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2009, 01:33 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

দিনাজপুর, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে নিরপেক্ষভাবে কঠোর হাতে আইন প্রয়োগের জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, "আইনের ফাঁক ফোকর দিয়ে কেউ বেরিয়ে গেলে যাক। কিন্তু কোন নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেটা নিশ্চিত করতে হবে।" রোববার সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রতিমন্ত্রী এ কথা বলেন। জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, "দিন বদলের পালায় এখন আমাদেরও বদলে যেতে হবে।" প্রতিমন্ত্রী বলেন, "আইন প্রয়োগে কঠোর হবেন, তবে নির্দয় হবেন না।" প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে ও নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, "কে কোন দল করে সেটা আমার বিবেচ্য নয়। দায়িত্বে কোন অবহেলা বরদাশত করা হবে না।" কৃষকদের সার সরবরাহের বিষয়ে মোস্তাজিুর রহমান বলেন, "বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কৃষকদের মাঝে যেভাবে সার বিতরণ করা হয়েছিল এবারও সেভাবেই কৃষকদের কাছে সার পৌঁছে দেওয়া হবে।" কৃষকদের কাছে ডিজেল সরবরাহের ব্যাপারে কোন বিধি নিষেধ থাকবে না। ডিজেল পাচারের অজুহাতে কৃষকরা যেন হয়রানি না হয় সেটা নিশ্চিত করা হবে বলেও তিনি জানান। প্রতিমন্ত্রী বনবিভাগের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, "রাস্তার পাশে লাগানো গাছ কিভাবে টেন্ডারে ৫০ টাকা মূল্যে বিক্রি করা হয়েছে সেটি দেখার জন্য বনবিভাগের সচিবকে দিনাজপুর আসার জন্য বলেছি।" মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল ও দিনাজপুর-৬ আসনের সাংসদ ড. আজিজুল হক চৌধুরী, জেলা প্রশাসক নবীউল হক মোল্যাসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কমকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯২৭ ঘ.