ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সহপাঠীর মৃত্যুর গুজবে শনিবার সকালে রাজধানীর তিতুমীর কলেজের ছাত্ররা যে তাণ্ডব চালিয়েছে তাতে পুলিশ ও স্থানীয়দের হিসাবে শতাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকরা হা-হুতাশ করছিলেন অনেকেই। সম্ভাব্য ক্ষতির অঙ্ক জানতে তাদের সঙ্গে কথা বলে জানা যায়, গাড়িভেদে ক্ষতি হয়েছে ৫শ' টাকা থেকে এক লাখের বেশি।
দামি জিপের চালক (আউটল্যান্ডার) সোলায়মান বলেন, তার গাড়ির কাঁচ ও লাইটের যে ক্ষতি হয়েছে তা পুরোপুরি ঠিক করতে লাখ টাকা ছাড়িয়ে যাবে। এই গাড়ির সব কাঁচ ও লাইট বাজারে সহজলভ্য নয় বলে দাবি করেন তিনি।
সব মিলিয়ে শ'খানেক গাড়ির ক্ষতির অঙ্ক বেশ কয়েক লাখ টাকা বলে সাধারণ হিসেব করে বলছেন সংশ্লিষ্টরা।
তবে গাড়ির মালিক বেসরকারি কোম্পানির চাকুরে ফারহানা আহমেদ এর মতে, সবচেয়ে বড় বিষয় হলো মানসিক আঘাত। "আমি গাড়ির ভেতরে স্টিয়ারিং ধরে বসা। আমার চোখের সামনে শখের গাড়িটা তারা ভেঙেছে কোনও কারণ ছাড়াই।"
ফারহানা আহমেদ বলেন, তার সামনেই যাত্রীভর্তি একটি বাসেও হামলা চালায় ছাত্ররা। "ভেতর থেকে তখন যাত্রীরা প্রাণভয়ে তুমুল চীৎকার করছিল", বললেন তিনি।
কয়েকমাস আগে ব্যাংকঋণ নিয়ে ১০ লাখ টাকা দিয়ে তিনি গাড়িটি (টয়োটা পাসো) কেনেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। সোয়া ১১টার কিছুক্ষণ পর থেকে ওই সড়কে গাড়িও চলছে।"
সহিংসতার কারণে মহাখালী-গুলশান সড়কে পৌনে প্রায় দুই ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল। বন্ধ হয়ে যায় ওই এলাকার সব দোকানপাটও।
গাড়ি ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের হিসেব মতে গড়ে প্রতি গাড়িতে ১০ থেকে ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।
তার হিসেবে, টয়োটার একটু পুরনো মডেলের গাড়ির উইন্ডশিল্ডের দাম দাম মানভেদে আড়াই থেকে সাড়ে ৩ হাজার টাকা। আর নতুন মডেলের গাড়িগুলোর শুধুমাত্র সামনের ক্রিস্টালের হেডলাইটের সেটের দামই ৫ থেকে ১০ হাজার টাকা। আব্দুর রাজ্জাকের মতে, এগুলোর কাঁচ ভেঙে থাকলে একেকটি গাড়ির পেছনে ৫০ হাজার থেকে এক লাখ টাকাও খরচ হতে পারে।
দুপুর ১২টার দিকে রাজধানীর মহাখালী এলাকায় সড়কে জমে ছিল বিস্তর ভাঙা কাঁচের গুড়া। ভেঙে চুরে একশেষ বহু গাড়িকেই সকাল থেকে পার হতে দেখেছেন স্থানীয় মানুষ। কোনোটার কাচ আদৌ নেই, কোনোটার ফেটে গিয়ে কোনও রকমে লেগে ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে তিতুমীর কলেজের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি কার ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শামীমা ইসলামকে ধাক্কা দেয়। আহত শামীমাকে লোকজন সঙ্গে সঙ্গে মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে পাঠায়। আর তিতুমীর কলেজে গুজব রটে যায় যে গাড়ির ধাক্কায় কলেজের ছাত্রী নিহত হয়েছে। এরপরেই ছাত্ররা লাঠিসোঁটা নিয়ে কলেজের সামনে ও আশেপাশের এলাকায় এলোপাতাড়ি গাড়ি ভাঙচুর শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/০০২৫ঘ.
bdnews24