ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ব্যাপক নিরীহ মানুষের প্রাণহানির প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে বিক্ষোভ করে কয়েকটি ইসলামী সংগঠন।
তারা ইসরায়েলকে 'গণহত্যা' চালানোর দায়ে অভিযুক্ত করে।
বিক্ষোভকারী সংগঠনগুলোর মধ্যে ছিল খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও হিযবুত তাহরির।
জুমার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এসব সংগঠনের কয়েকশ সদস্য 'নারায়ে তাকবির' শ্লোগান দিতে শুরু করে। এ সময় পুলিশ পল্টন ও দৈনিক বাংলা মোড় ব্যারিকেড দিয়ে আটকে দেয় । এছাড়াও মধ্যবর্তী সড়কটির বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা ছিল।
বিক্ষোভকারীরা ইসরায়েল ও জাতিসংঘবিরোধী নানা শ্লোগান দেয়। কয়েকজন বক্তা 'গণহত্যা' বন্ধে মুসলিম দেশগুলোর নিষ্ক্রিয়তার সমালোচনা করেন। এক পর্যায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়।
এর পরে তারা মিছিল নিয়ে এগোতে চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে থামিয়ে দেয়।
পরে একটি মিছিল বেরিয়ে কাকরাইল পর্যন্ত গিয়ে বায়তুল মোকাররম মসজিদের সামনে ফিরে আসে। তবে কোথাও কোন সহিংসতা ঘটে নি।
একঘণ্টা ধরে বিক্ষোভ চলার সময় পল্টনের মোড় থেকে দৈনিক বাংলা পর্যন্ত রাস্তা বন্ধ থাকায় ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কিউএইচ/এসকে/১৮২৬ঘ.
bdnews24