গাজীপুর, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় এক ফিলিং স্টেশনে মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে।
ডাকাতরা উপবন নামে ওই ফিলিং স্টেশনটির ক্যাশ বাক্স ভেঙে নগদ তিন লাখ ৬০ হাজার টাকা নিয়ে যায়।
বুধবার রাত ৮টার দিকে ৬৫টি গুলি এবং ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ মোবারক (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ব্যাপারে ফিলিং স্টেশনের হিসাব রক্ষক গোলাম আজম বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, মঙ্গলবার রাত ৪টার দিকে ১৬/১৭ জনের ডাকাত দল অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মী বাদশা (৪০) ও কর্মচারি আহসানকে (২৫) বেঁধে গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ক্যাশ বাক্স ভেঙে ওই নগদ টাকা এবং দু'টি মোবাইল ফোন সেট নিয়ে সঙ্গে আনা পিকআপ ভ্যানে উঠে ময়মনসিংহ অভিমূখী সড়ক ধরে চলে যায়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, গোপন সংবাদ পেয়ে বুধবার রাত ৮টার দিকে উপবন ফিলিং স্টেশনের কাছেই নতুন বাজার এলাকা থেকে মোবারককে গ্রেপ্তার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে মোবারক ডাকাতির কথা স্বীকার করে গুলি ও ডাকাতিতে ব্যবহৃত কিছু সরঞ্জাম পুলিশকে হস্তান্তর করে। এ সময় সে অন্য ডাকাতদের নামও বলেছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।
আব্দুর রশিদ আরও জানান, মোবারকের বাড়ি ভালুকায়। সে নতুন বাজার এলাকায় তার বোনের বাড়িতে থাকত। ওই বাড়ি থেকেই গুলি উদ্ধার করা হয়েছে। তবে ডাকাতির টাকা এখনও উদ্ধার হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩১৬ঘ.
bdnews24