ঢাকা জানুয়ারী ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাজধানীর বেশ কিছু এলাকায় আইন ভেঙে রাস্তা বন্ধ করে মিছিল-মিটিং ও আশুরার তাজিয়া মিছিলের কারণে বুধবার ঢাকার রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
বিকেল থেকে বিভিন্ন সময়ে ইংলিশ রোড থেকে কাজী নজরুল ইসলাম এভিনিউ, মীরপুর রোড, বেগম রোকেয়া সরণি, টঙ্গি ডাইভারশন রোড, কাকরাইল রোড ও দৈনিক বাংলা থেকে পল্টন মোড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
তবে পুলিশ কর্মকতারা রাত দশটার দিকে বলেন, এগারোটার আগেই জট ছুটে যাবে বলে তারা ধারণা করছেন।
মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) মোঃ জসিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকায় আজ অনেক বেশি যানজট হয়েছে। কয়েকটি কারণে এই জটের সৃষ্টি হয়েছে। কেন্দ্রস্থল বায়তুল মোকাররমের সামনে জামায়াতে ইসলামীর মিছিল, স্বেচ্ছাসেবক দল নেতা খুন হওয়ার প্রতিবাদে রাস্তা বন্ধ করে মিটিং ও মিছিল এবং বিভিন্ন এলাকায় আশুরার তাজিয়া মিছিলের কারণে এই জটের সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি, রাত এগারোটার আগেই জট নিরসন করতে পারব।"
রাত সাড়ে নয়টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চীফ রিপোর্টার এহসানুল হক বাবু বলেন,"রাস্তায় ব্যাপক যানজট রয়েছে। আমাদের আসার পথে নির্ধারিত সময়ের চেয়ে একঘন্টা বেশি লেগেছে। এছাড়া অনেক রাস্তা ঘুরেও আসতে হয়েছে।"
খামার বাড়ির সামনে থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র প্রতিবেদক লিটন হায়দার জানান, রাত নটায় ফার্মগেট থেকে জিয়া উদ্যান পর্যন্ত যেতে একঘন্টা লেগেছে। সামনে তখনো লম্বা গাড়ির বহর ছিল।
পুলিশ কর্মকতারা বলেছেন, এমনিতে বড় কোন ছুটির সামনে ঢাকার রাস্তায় গাড়ির সংখ্যা বেড়ে যায়। সামনে একটানা তিনদিনের ছুটি থাকায় অনেকেই পরিবার পরিজন নিয়ে রাতের বাস, লঞ্চ বা ট্রেনে করে ঢাকা ছাড়তে শুরু করেছে। এ কারণে একই সময়ে রাস্তায় বিভিন্ন ধরনের গাড়ির চাপ বেড়ে গেছে।
এছাড়া মীরপুরে বাণিজ্য মেলা ও ঢাকার কয়েকটি এলাকায় মেলাও জটের কারণ। পুরনো ঢাকা ও মীরপুরে আশুরার কারণে তাজিয়া মিছিলের কারণেও অনেক রাস্তা বন্ধ হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২২৫০ঘ.
bdnews24