নরসিংদী, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পলাশ উপজেলায় লাইলী বেগম (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
লাইলির বাড়ি পলাশের ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়া গ্রামে। নিহতের স্বামী সিরাজুল ইসলাম ডাঙ্গা ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার ভোররাতে বাড়িতে হামলা চালিয়ে লাইলীর স্বামীকে হত্যার চেষ্টা চালায় সন্ত্রাসীরা। ওই সময় বাধা দিতে গিয়ে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মারা যান লাইলী।
সিরাজুল ইসলামের অভিযোগ, বিএনপিকর্মীরা হামলা চালিয়ে তার স্ত্রীকে হত্যা করেছে। এ ঘটনায় পলাশ থানায় মামলাও করেছেন তিনি।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত এবং গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২৬ ঘ.
bdnews24