২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী ও ভাইকে নিয়ে দোটানায় আ. লীগ সাংসদ একরামুল

স্ত্রী ও ভাইকে নিয়ে দোটানায় পড়েছেন নোয়াখালী-৪ (সদর) আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ সাংসদ একরামুল করীম চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2009, 01:21 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

নোয়াখালী, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী ও ভাইকে নিয়ে দোটানায় পড়েছেন নোয়াখালী-৪ (সদর) আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ সাংসদ একরামুল করীম চৌধুরী। তার স্ত্রী কামরুন নাহার শিউলী এবং বড়ভাই মোহাম্মদ ইব্রাহীম দুজনই উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন। কবিরহাট উপজেলা চেয়ারম্যান পদে দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে শিউলী এবং ছাতা প্রতীক নিয়ে ইব্রাহীম প্রচার চালিয়ে যাচ্ছেন। জয়ের বিষয়েও আশাবাদী তারা। আগামী ২২ জানুয়ারি একযোগে সারাদেশে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে। নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল অবশ্য শেষ পর্যন্ত ভাইকে ছেড়ে স্ত্রীর দিকেই ঝুঁকেছেন। তবে দুই জনই 'নিজ দায়িত্বে' নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে মন্তব্য করেন তিনি। একরামুল সাংবাদিকদের বলেছেন, "তারা নিজ দায়িত্বে নির্বাচন করছেন। জয়-পরাজয় জনগণেরই ভোটেই নির্ধারিত হবে।" একইসঙ্গে তিনি বলেন, "কবিরহাট উপজেলায় আওয়ামী লীগের প্রতিটি ইউনিয়ন শাখা শিউলীকে সমর্থন দিয়েছে।" ১৯৮৬ সালের পর একরামুলই প্রথম আওয়ামী লীগ নেতা যিনি নোয়াখালী-৪ আসনে সংসদ নির্বাচনে বিজয়ী হলেন। শিউলী বলেন, "গত কয়েক বছর ধরে এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আমি অংশ নিয়েছি। জয়ের বিষয়ে আমি আশাবাদী।" একই আশাবাদ প্রকাশ করেন ইব্রাহীমও। এদিকে ইব্রাহীম ও একরামুলের ছোট ভাই মোহাম্মদ ইলিয়াসও কবিরহাট উপজেলা পরিষদে নির্বাচন করছেন। ভাইস চেয়ারম্যান পদে বাঘ প্রতীকে ভোট চাইছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯১১ ঘ.