বান্দরবান, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে সংঘর্ষের ঘটনায় আরও চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এনিয়ে মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হলো।
পরিস্থিতি স্বাভাবিক করতে রবার বাগানের শ্রমিক, এলাকাবাসী এবং মালিক পক্ষকে নিয়ে বৃহস্পতিবার এক বৈঠকের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
গত সোমবার বাইশারী এলাকায় পিএইচপি রাবার বাগানে শ্রমিক-জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়। আহত হয় অর্ধশতাধিক লোক। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনরত শ্রমিকদের মালিক পক্ষ বাধা দিলে ওই সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষে এক জন সহকর্মী নিহত হওয়ার পর পুলিশ সদস্যরা বাইশারীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার রাতে আরও চার জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার নাথ।
এরা হলেন- আব্দুস সবুর, ফারুক আহামদ, লালু মিয়া ও আবদুল। এদের প্রথম জন রিকশাচালক ও অন্যরা দিনমজুর।
এদিকে আগে গ্রেপ্তারকৃত ২১ জনসহ বুধবার আদালতে হাজির করা হয়। বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সংঘর্ষের ঘটনায় ৬৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত তিন হাজার ব্যক্তিকে আসামি করে মামলা করে পুলিশ।
এদিকে বাগানে সমস্যা সমাধানে বৃহস্পতিবার সব পক্ষকে নিয়ে একটি বৈঠকের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। বৈঠকটি হবে বান্দরবান জেলা প্রশাসন ভবনে।
বাইশারী রাবার বাগান মালিক সমিতির সভাপতি হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, তাকে বৈঠকের কথা বলা হয়েছে। বৈঠকে স্থানীয় প্রশাসন, রাবার বাগান মালিক পক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও শ্রমিক প্রতিনিধিরা থাকবেন বলে তিনি জানান।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নওয়াব আসলাম হাবিব সাংবাদিকদের বলেন, পরিস্থিতি যেন খারাপের দিকে না যায় এবং রাবার বাগানে উৎপাদন-কাজকর্ম স্বাভাবিক হয় সে জন্য এ বৈঠক করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৭ ঘ.
bdnews24