ঢাকা, ০৫ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ৫৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম সোমবার রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসীদের গুলিতে খুন হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন মুনিরউদ্দিন নামে আরেকজন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে ৩টার দিকে বিজয়নগরে সৈয়দ নজরুল ইসলাম সরণীতে বিসমিল্লাহ কার ডেকোরেশন নামে একটি দোকানের সামনে তারা গুলিবিদ্ধ হন।
প্রতক্ষ্যদর্শীর বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, বিসমিল্লাহ কার ডেকোরেশনের পাশের দোকান আকিব বাম্পার ওয়ার্কসের মালিক নজরুলের ভাই ইকবাল। বিকেলে নজরুল ভাইয়ের দোকান থেকে বেরিয়ে ফুটপাতে দাঁড়ালে দুটি মোটরসাইকেলে করে সন্ত্রাসীরা এসে তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় নজরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
ওই সময় ফুটপাতে দাঁড়ানো দৈনিক চৌকস এর সাংবাদিক মুনিরউদ্দিনের গায়েও গুলি লাগে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নজরুল ইসলাম ৫৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও বিজয়নগর ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি।
পুলিশ হামলাকারীদের একটি মোটর সাইকেলের নম্বর পেয়েছে। সে অনুযায়ী তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
নজরুলের শ্যালক জাহাঙ্গীর আলম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, "নির্বাচনে বিএনপির পক্ষে কাজ করার কারণেই তাকে হত্যা করা হলো। জীবননাশের আশঙ্কায় নির্বাচনের আগেই তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।"
অবশ্য এ হত্যাকাণ্ডের কারণ রাজনৈতিক, না ব্যবসায়িক দ্বন্দ্ব- শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম তা বলতে পারেনি।
এদিকে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, বিএনপি নেতা সাদেক হোসেন খোকা, আব্দুস সালাম তালুকদার ও হাবিব উন নবী সোহেল সন্ধ্যায় নজরুল ইসলামের লাশ দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে যান। তারা এ হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।
খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের বলেন, "এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। সন্ত্রাসী যারাই হোক- তাদের খুঁজে বের করে যথাযথ শাস্তি দিতে হবে; এটাই আমাদের দাবি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএম/জেকে/২০৪০ ঘ.
bdnews24