চট্টগ্রাম, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার অভিযোগে চট্টগ্রামের খুলশী থানার উপ-পরিদর্শক ফজলুর রহমান ফারুকীকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার বিকালে পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান এ আদেশ দেন।
একই অভিযোগে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী এনায়েতুর রহমানের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে।
পুলিশ কমিশনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচনের আগে খুলশী এলাকায় জমি দখলের ঘটনায় অবৈধ সুবিধা গ্রহণ করে পক্ষাবলম্বনের অভিযোগ আসে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় পর ফারুকীকে প্রত্যাহার করা হয়।"
একই অভিযোগে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধেও তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে মনিরুজ্জামান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/০০২৫ ঘ.
bdnews24