ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীন থেকে আমদানি করা ইয়াশলি-১ ব্র্যান্ডের গুঁড়ো দুধে বিষাক্ত রাসায়নিক মেলামাইনের উপস্থিতি পাওয়া গেছে।
ঢাকার বেসরকারি রাসায়নিক পরীক্ষাগার 'প্লাজমা প্লাস' প্রাথমিকভাবে পরীক্ষা করে এতে মেলামাইনের উপস্থিতি নিশ্চিত করেছে। প্লাজমা প্লাস গত সোমবার তাদের রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন সরকারের মান নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিএসটিআই এর কাছে জমা দিয়েছে।
বিএসটিআই'র মহাপরিচালক আজমল হোসেন এ প্রতিবেদনের কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেছেন, ইয়াশলি-১ ব্র্যান্ডের গুঁড়ো দুধে কেজিপ্রতি ৭২ দশমিক ৭৭ মিলিগ্রাম মেলামাইনের উপস্থিতি নিশ্চিত হয়েছে। তবে অন্য দুটি ব্র্যান্ডের ব্যাপারে এখনো প্রতিবেদন পাওয়া যায়নি।
তিনি জানান, বিএসটিআই ইয়াশলি-১ ও ২ এবং সুইট বেবি-২ ব্র্যান্ডের দুধ সংগ্রহ করে পরীক্ষার জন্য তিনটি পরীক্ষাগারে পাঠিয়েছে। এগুলো হচ্ছে বিএসটিআই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ এবং উত্তরার প্লাজমা প্লাস পরীক্ষাগার। তিনটি পরীক্ষাগারের মধ্যে প্লাজমা প্লাসের প্রতিবেদন পাওয়া গেছে।
বিএসটিআই প্রধান আরও বলেন, প্লাজমা প্লাসের প্রতিবেদন আরও পরীক্ষা করে দেখার জন্য সায়েন্স ল্যাবরেটরিতে (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ- বিসিএসআইআর) পাঠানো হয়েছে। কারণ হিসেবে তিনি এ প্রতিষ্ঠানটিকেই 'দেশের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান' বলে উল্লেখ করেন।
তিনি জানান, ঈদের পর অফিস খুললেই বাকি দুটি প্রতিষ্ঠানের প্রতিবেদনও পাওয়া যাবে। এরপরই সবগুলোর ব্যাপারে একযোগে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ইতোমধ্যেই ওই তিনটি ব্র্যান্ডের গুঁড়ো দুধ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৭০৮ঘ.
bdnews24