২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশা করি ভবিষ্যতের সরকার যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি দেখবে : মঈন

ভবিষ্যতে নির্বাচিত সরকার যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি দেখবে বলে আশা প্রকাশ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন উ আহমেদ। সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঈদপূর্ব শূভেচ্ছা বিনিময়ের পর সেনাপ্রধান সাংবাদিকদের এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2008, 04:45 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ভবিষ্যতে নির্বাচিত সরকার যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি দেখবে বলে আশা প্রকাশ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন উ আহমেদ। সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঈদপূর্ব শূভেচ্ছা বিনিময়ের পর সেনাপ্রধান সাংবাদিকদের এ কথা বলেন। এসময় তিনি ৩৩ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিবারকে ঈদ আয়োজনের জন্য নগদ টাকা দেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা সেনাপ্রধানের কাছে তাদের বাসস্থানের স্থায়ী বন্দোবস্তের দাবি জানান। সেনা প্রধান এ বিষয়ে সরকারের সঙ্গে কথা বলবেন বলে তাদের আশ্বস্ত করেন। পরে সেনাপ্রধান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের তিনি বলেন, "মুক্তিযোদ্ধাদের দাবি অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি ভবিষ্যতের সরকারকে নিশ্চয়ই বিবেচনায় নিতে হবে।" নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়ে সেনাপ্রধান একে 'খুশির খবর' বলে আখ্যা দেন। এর আগে গত ২৫ সেপ্টেম্বর নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ যুদ্ধাপরাধীরা আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না এই মর্মে ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা এসময় বলেন, "দেশের সাধারণ আইনে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া যেতে পারে। সব কিছু আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।" 'ওয়ান ইলেভেনের' পর নতুন তত্ত্বাবধায়ক সরকার প্রধান ফখরুদ্দীন আহমদ এবং সেনাপ্রধান মঈন উ আহমেদ উভয়েই যুদ্ধাপরাধীদের বিচার হওয়া উচিত বলে জোরালো অভিমত ব্যক্ত করায় দেশে এ বিষয়ে ব্যাপক প্রত্যাশার সৃষ্টি হয়েছিল। তবে দেড় বছরের বেশি দায়িত্বে থেকেও অগ্রাধিকার, আইনী সীমাবদ্ধতা ও সময় স্বল্পতার যুক্তিতে এ সরকার নিজেরা একাত্তরের গণহত্যাসহ বিভিন্ন অপকর্মে জড়িতদের বিচারের উদ্যোগ নেওয়া থেকে দৃশ্যত পিছিয়ে এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২২৩১ঘ.