২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশা করি নির্বাচিত সরকার বিটিআরসি'র কাজে বাধা হবে না: চেয়ারম্যান

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুরুল আলম আশা প্রকাশ করেছেন, আগামীতে যে নির্বাচিত সরকারই ক্ষমতায় আসুক তারা বিটিআরসি'র কাজকর্মে বাধা হয়ে দাঁড়াবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2008, 04:21 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুরুল আলম আশা প্রকাশ করেছেন, আগামীতে যে নির্বাচিত সরকারই ক্ষমতায় আসুক তারা বিটিআরসি'র কাজকর্মে বাধা হয়ে দাঁড়াবে না। সোমবার বিটিআরসি কার্যালয়ে এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিটিআরসি চেয়ারম্যান তার আশাবাদের পেছনের কারণ হিসেবে বলেন, জনগণ ও আইসিটি খাতের উন্নয়নের স্বার্থেই সবকিছু করা হয়েছে। মেজর জেনারেল মনজুরুল আলম টেলিযোগাযোগ খাতে বিভিন্ন সংস্কার ও নতুন উদ্যোগের বর্ণনা দেন। ব্যান্ডউইডথ ফি কমানোর ব্যাপারে বিটিআরসির উদ্যোগের কথা জানিয়ে চেয়ারম্যান বলেন, "অভ্যন্তরীর ব্যান্ডউইডথ ফি কমানোর জন্য আমরা কাজ করছি। অক্টোবরের শেষ সপ্তাহ নাগাদ সিদ্ধান্ত নিতে পারব। সরকারের উদ্দেশ্য প্রত্যন্ত গ্রামে ইন্টারনেট পৌঁছে দেওয়া, ২০১৫ সালের মধ্যে ৩০ ভাগ জনগণকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসা।" তিনি বলেন, "সারা বিশ্বেই পিএসটিএন ব্যবসায় মন্দা যাচ্ছে। আমরা চেষ্টা করছি, যেন লাভজনক পরিবেশ তৈরি হয়। লাইসেন্স ফি কমিয়ে দিয়েছি। ট্যাক্স কমানোর জন্য রাজস্ব বোর্ডকে বলেছি। ২০১১ সালের পর সব লাইসেন্স এক হয়ে যাবে। তখন কিছু সুবিধা বাড়বে।" এক প্রশ্নের জবাবে মনজুরুল আলম বলেন, ভবিষ্যতের নির্বাচিত সরকার বিটিআরসি'র কাজকর্মে বাধা হয়ে দাঁড়াবে না বলেই মনে করেন তিনি। চেয়ারম্যান বলেন, "১৮ মাসে যা করা হয়েছে তা ব্যক্তির জন্য নয়, দেশের জনগণের জন্য, আইসিটি খাতের উন্নয়নের জন্য করা হয়েছে। এর ফল জনগণই ভোগ করছে। যে সরকারই আসুক না কেন তারা সাধারণ জনগণকে বাদ দিয়ে কিছু করবে না। আমি মনে করি, নতুন সরকার আমাদের কাজে বাধা হবে না।" তিনি আরো বলেন, "যেখানে যা দরকার বিটিআরসি তাই করছে। আইনের বাইরে কিছুই করছে না। আমরা অবৈধ ভিওআইপি ও নিবন্ধনবিহীন মোবাইল ফোন বন্ধ করেছি। এটাকে কেউ আগ্রাসী বা আক্রমণাত্মক মনে করলে করতে পারে। কেউ অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকলে আমরা তাকে ধরবো না, এমনটা হতে পারে না।" মনজুরুল আলম জানান, বিটিআরসি আগামী বছরের প্রথম দিকে থ্রিজি মোবাইল প্রযুক্তির লাইসেন্স দেবে। আইপি টেলিফোনের লাইসেন্স কিছু দিনের মধ্যেই দেওয়া হবে। বেসরকারি উদ্যোগে সাবমেরিন কেবল সংযোগের জন্য ১৩টি কোম্পানি প্রস্তাব জমা দিয়েছে জানিয়ে তিনি বলেন, এগুলো যাচাই-বাছাই করে লাইসেন্স দেওয়া হবে। এছাড়া কনটেন্ট প্রোভাইডারদেরও লাইসেন্সের আওতায় আনা হবে। 'নেশনওয়াইড টেলিকম ট্র্যান্সমিশন নেটওয়ার্ক' এর জন্য এক-দেড় মাসের মধ্যে লাইসেন্স দেওয়া হবে। মোবাইল নম্বর পোর্টেবিলিটির সুবিধাও দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে আইএমইআই কোড চালু করা হবে। এতে মোবাইল সেট হারিয়ে গেলে বা চুরি হলে মালিক সেট বন্ধ করে দিতে পারবে। পাড়ায় পাড়ায় অবৈধ ইন্টারনেন্ট সার্ভিস প্রোভাইডার গড়ে ওঠার কথা উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন শ্রেণীভুক্ত করে এদের লাইসেন্সের আওতায় আনা হবে। সাইবার ক্যাফেগুলোকেও লাইসেন্সের আওতায় আনা হবে। বিটিআরসি চেয়ারম্যান বলেন, তিনটি মোবাইল ফোন কোম্পানির জন্য নতুন করে স্পেকট্রাম বরাদ্দ করা হয়েছে। মনজুরুল আলম আরও জানান, বিটিআরসি আইন সংশোধনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি অনুমোদন হলে বিটিআরসি প্রশাসনিক স্বাধীনতা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। একটেলের ৩০ ভাগ শেয়ার কিনে নেওয়ার পর জাপানি কোম্পানি এনটিটি ডোকোমো ট্র্যান্সফার ফি হিসাবে বিটিআরসিকে ১৩১ দশমিক ৬৭ কোটি টাকার চেক দিয়েছে। আর নিবন্ধন না করায় এ পর্যন্ত ৯৮ হাজার মোবাইল ফোন বন্ধ করে দেওয়া হয়েছে। এসব মোবাইল ফোনে রিচার্জ করা ৯ কোটি টাকা বিটিআরসি নিয়ে নিয়েছে। বার্মিংহামের কলসেন্টার এক্সপোতে ৬টি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের কলসেন্টারগুলোর চুক্তি হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এসকে/২২১৪ঘ.