২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন বোনাসের দাবিতে সাভারে পোশাক শ্রমিকদের ভাঙচূর অবরোধ

বেতন ও ঈদ বোনাসের দাবিতে আশুলিয়ার জামগড়া এলাকার তৈরি পোশাক কারখানা নোডটেক্স ফ্যাশন সোয়েটারস লিমিটেডের শ্রমিকরা সোমবার সন্ধ্যায় ভাঙচূর এবং সড়ক অবরোধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2008, 03:12 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

সাভার, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন ও ঈদ বোনাসের দাবিতে আশুলিয়ার জামগড়া এলাকার তৈরি পোশাক কারখানা নোডটেক্স ফ্যাশন সোয়েটারস লিমিটেডের শ্রমিকরা সোমবার সন্ধ্যায় ভাঙচূর এবং সড়ক অবরোধ করেছে। সন্ধ্যা ৭টা থেকে সোয়া ৭টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করে রাখে কারখানার প্রায় ৭০০ শ্রমিক। পরে আশুলিয়া থানা পুলিশ এসে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে। শ্রমিকরা ঘটনাস্থল ত্যাগ করেছে। ১৫ মিনিট সড়ক অবরুদ্ধ থাকার পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে পুলিশ। কারখানা শ্র্রমিক বাবলু, রফিক, সোমা, শারমীন, ইয়াসিনসহ অনেকেই জানান, সকাল ৯টার সময় মালিক তাদের এ মাসের বেতন ও ঈদ বোনাসের টাকা আনার কথা বলে ঢাকা যান। কিন্তু সন্ধ্যা ৬টায়ও ফিরে আসেননি। এ অবস্থায় একজন মালিকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান এখনও টাকা জোগাড় হয়নি। এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে সাড়ে ৬টার দিকে ফ্যাক্টরির ভেতরে বিভিন্ন যন্ত্রপাতি ও আসবাবপত্র ভাঙচুর করে। এরপর সন্ধ্যা ৭টার দিকে জামগড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। ঘটনাস্থলে উপস্থিত আশুলিয়া থানার উপ-পরিদর্শক কৌশিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকরা কারখানার ভেতর ভাঙচূরের পর মহাসড়ক অবরোধ করেন। এক পর্যায়ে শ্রমিকদের শান্ত করতে না পেরে আমি মোবাইল ফোনে মালিপক্ষের সঙ্গে কথা বলি।" তিনি জানান, কারখানার মালিক মালে মোহাম্মদ ভূইয়া তাকে বলেছেন বায়ারের কাছে তাদের ২৫ লাখ টাকা বাকি পড়েছে। সে টাকা পেলে শ্রমিকদের চলতি মাসের বেতন ও ঈদ বোনাস দেওয়া হবে। এ সময় তিনি একই মোবাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখনও টাকা জোগাড় হয়নি বলে আমি ঢাকা থেকে আসিনি। আগামীকালের মধ্যে যেকোনোভাবে টাকা যোগাড় করে শ্রমিকদের চলতি মাসের বেতন ও ঈদ বোনাস দিয়ে দেব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৭ ঘ.